২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলেট আমদানিতে শুল্ক বাড়ানোর দাবি

দেশীয় শিল্প রক্ষায় আগামী অর্থ বছরের বাজেটে রড তৈরির মধ্যবর্তী কাঁচামাল বিলেট আমদানির উপর শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 06:22 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের পক্ষে প্রথম এই দাবি তুলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের উপস্থিতিতে এই সভায় সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরাও দাবির পক্ষে যুক্তি তুলে বক্তব্য রাখেন।

মাহবুবুল আলম বলেন, ইস্পাত শিল্পে বিলেট আমদানির ক্ষেত্রে যত বেশি সম্ভব শুল্ক আরোপ করে দেশি শিল্পকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ নিতে হবে।

একাধিক প্রাথমিক কাঁচামাল দিয়ে উৎপাদিত হয় স্টিল বা লোহার রড তৈরির মধ্যবর্তী কাঁচামাল বিলেট। বাংলাদেশেই এসব বিলেট তৈরির কারখানা থাকলেও প্রতিবছর প্রচুর পরিমাণে বিলেট আমদানি হওয়ায় দেশীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তাদের দাবি।

বর্তমানে প্রতি টন বিলেট আমদানিতে তিন হাজার ৫০০ টাকা শুল্ক আরোপিত থাকলেও কোনো ধরনের মূসক (মূল্য সংযোজন কর) না থাকায় দেশীয় স্টিল ও রি-রোলিং শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উদ্যোক্তাদের দাবি।

তাই বিলেট আমদানিতে শুল্ক বাড়িয়ে টনপ্রতি সাড়ে পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন স্টিল ও রি-রোলিং মিলের মালিকেরা।

সভায় ইস্পাত ব্যবসায়ীদের পক্ষে এনামুল হক ইকবাল বলেন, শূন্য শুল্ক সুবিধা নিয়ে প্রতিদিন লাখ লাখ টন বিলেট আমদানি হচ্ছে।

“অথচ ৫০ শতাংশের বেশি কর আরোপ করা হয়েছে এই শিল্পে প্রয়োজনীয় রাসায়নিক পণ্য আমদানির উপর, যা দেশি উদ্যোক্তারা ব্যবহার করে।

“অনেক সম্ভাবনা থাকার পরও ভারতের সেভেন সিস্টারের বাজার আমরা ধরতে পারছি না।”

জিপিএইচ ইস্পাতের পক্ষে ওসমান গণি বলেন, “বিলেট আমদানিতে ভারত ও চীন শুল্ক বাড়িয়েছে। আমরা কেন পারব না?”

জবাবে এনবিআর সদস্য (শুল্কনীতি) মো. ফরিদ উদ্দিন বলেন, “ট্যারিফ কমিশন এ বিষয়ে স্টাডি করছে। দ্রুত নিষ্পত্তি হবে।”

সভায় অ্যাকর্ড-অ্যালায়েন্স ঘোষিত ঝুঁকিপূর্ণ কারখানাকে ঝুঁকিমুক্ত করতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানান বিজিএমইএর পরিচালক কাজী মাহবুব উদ্দিন।

শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আমজাদ হোসেন চৌধুরী এ শিল্পের ওপর থাকা দ্বৈত করনীতি প্রত্যাহারের আবেদন করেন।

পাদুকা শিল্প মালিক গ্রুপের মঞ্জুর খান ভারত ও চীন থেকে জুতা আমদানি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “দেশি শিল্প বিপন্ন। একশ’র মত কারখানা দেউলিয়া হয়ে গেছে।”

ফ্রোজেন ফুড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের পক্ষে মাহবুব রানা ‘ড্রাই ফিশ’ আমদানিতে গত অর্থবছরে বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি জানান।  

চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে ২১৮টি পস্তাব পেশ করা হয়, যার মধ্যে শুল্ক সংক্রান্ত ১৪২টি, ভ্যাট সংক্রান্ত ২১টি এবং আয়কর সংক্রান্ত ৫৫টি প্রস্তাব রয়েছে।

এর মধ্যে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা বাড়ানো, অনাকাঙ্ক্ষিত সারচার্জ আরোপ না করা, প্রস্তাবিত মূসক আইন আলোচনা ছাড়া একতরফাভাবে চাপিয়ে না দেওয়া ও দ্বৈতকর পরিহারের প্রস্তাবও আছে।

আলোচনা শেষে এনবিআর চেয়ারম্যান বলেন, “আপনাদের মতামত বাজেটে প্রতিফলিত হবে।”

এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন ও পারভেজ ইকবাল, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমদ, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক অঞ্জন শেখর দাশ ও মাহফুজুল হক শাহ এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আকতার হোসেন আলোচনায় অংশ নেন।