তনুর জন্য মানববন্ধন, নিপীড়নবিরোধী শপথ
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম নগরীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধনে ‘নিজে যৌন নিপীড়ন করব না, অন্যদের করতে দেব না’- মর্মে শপথ নেন তারা।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাড়ির কয়েকশ গজের মধ্যে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর লাশ পাওয়া যায়। তাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা।
মানববন্ধনে অংশ নেওয়া আব্দুল কাদের তালুকদার বলেন, “তনু হত্যার দুই সপ্তাহ হয়ে গেছে। এখনও পর্যন্ত কোনো হত্যাকারীকে চিহ্নিত করতে পারেনি প্রশাসন। উল্টো তনুর ভাইয়ের বন্ধু মিজানুরকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে; যা আমাদের শঙ্কিত করছে।”
তনু ধর্ষণেরও শিকার দাবি করে কাদের তালুকদার পাহাড় ও সমতলের সব ধর্ষণের বিচারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বেসরকারি বিজিবি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জয়শ্রী দাশ বলেন, “অনেক ত্যাগে পাওয়া এদেশ কখনও ধর্ষকদের অভয়ারণ্য হতে পারে না।”
‘তনুসহ সব ধর্ষণের’ বিচার দাবিতে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ, সুপ্রিম কোর্টের আইনজীবী বিল্লাল মাহমুদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সঞ্জয় বিশ্বাস ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রৌকশল বিভাগের সহকারী অধ্যাপক মিনহাজ হোসেন।
