২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 08:57 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

সোমবার বিকালে নগরীর ডবলমুরিং থানার হোটেল সেন্টমার্টিন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডবলমুরিং থানার এসআই কায়ছার হামিদ।

গ্রেপ্তার তিনজন হলেন- শিমুল কান্তি ধর (৪৫), মো. আইয়ূব (৪০) ও অমিত দাশ (২৪)।

এসআই কায়ছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন জনকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডাসহ বিভিন্ন দেশে ভিসা ও নাগরিকত্ব নিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়।

“প্রতারণার শিকার কয়েকজন রোববার রাতে সেন্টমার্টিন হোটেলে তাদের আটকে রেখে টাকা উদ্ধারের জন্য চাপ দেয়। কিন্তু গ্রেপ্তার এই তিন প্রতারক তাদের সহযোগীদের নিয়ে তাদের মারধর করে তাড়িয়ে দেয়।”

এসআই কায়ছার বলেন, হামলার শিকার লোকজন দুপুরে থানায় এসে লিখিত অভিযোগ জানানোর পর পুলিশ শিমুল, আইয়ূব ও অমিতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তার শিমুল ও আমিত নিজেদের সরকার দলীয় নেতাদের ঘনিষ্ঠজন দাবি করে পুলিশের ওপর চাপ সৃষ্টি করে বলেও জানান তিনি।

ডবলমুরিং থানার ওসি বশিরউদ্দিন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২২ জনের কাছ থেকে টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছে।

“তবে থানায় এসে এখনও পর্যন্ত পাঁচজন অভিযোগ করেছে।”

এদিকে মাহমুদউল্লাহ ভূঁইয়া নামে প্রতারণার শিকার এক ব্যক্তি তাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

মামলায় বলা হয়, গ্রেপ্তার শিমুল নিজেকে এনটিক কয়েন বিক্রেতা পরিচয় দিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডাসহ বিভিন্ন দেশে তার ব্যবসার সুবাধে জনশক্তি রপ্তানি করার কথা বলে।

এছাড়া এসব দেশে নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেও টাকা নেয়।

মামলায় আরও বলা হয়, রোববার সন্ধ্যায় শিমুল সেন্টমার্টিন হোটেলের ৪১৩ নম্বর রুমে অবস্থান করছে শুনে মাহমুদুল্লাহসহ আরও কয়েকজন তার কাছ থেকে টাকা ফেরত দেওয়ার কথা বলে।

এসময় টাকা দেওয়ার আশ্বাস দিয়ে তাদের হোটেল রুমে বসিয়ে রেখে সহযোগী অমিত ও আইয়ূবকে হোটেলে ডেকে এনে তাদের মারধর করে।