চট্টগ্রামে অতিরিক্ত গ্যাস ব্যবহারে ২ কারখানাকে জরিমানা
নির্ধারিত মাসিক সীমার অতিরিক্ত গ্যাস ব্যবহার করায় চট্টগ্রামের কালুরঘাট ভারী শিল্প এলাকায় দুই শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আজিম গ্রুপের মালিকানাধীন গ্লোবাল স্পেশিয়ালাইজড গার্মেন্টসকে দুই লাখ টাকা এবং সাব্বির মেটাল ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আব্দুল্লাহ আল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্ধারিত মাসিক কন্ট্যাক্ট লোডের অতিরিক্ত গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুসারে জরিমানা করা হয়।
“গ্লোবাল স্পেশিয়ালাইজড গার্মেন্টসের মাসিক নির্ধারিত লোড ১৭ হাজার ৮০০ ঘনমিটার। তারা ২১৫ শতাংশ বেশি ব্যবহার করেছে বলে প্রমাণ মিলেছে। এছাড়া সাব্বির মেটালের অনুমোদিত ১৫ হাজার ঘনমিটারের পরিবর্তে ১৩৯ শতাংশ বেশি গ্যাস ব্যবহার করছিল।”
আব্দুল্লাহ আল মনসুর বলেন, পরবর্তীতে এরকম গ্যাস ব্যবহারের প্রমাণ পেলে কারাদণ্ডের মত সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে তাদের সতর্ক করা হয়েছে।
“কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কাছে ওই দুই প্রতিষ্ঠানের গত ছয় মাসের অতিরিক্ত গ্যাস ব্যবহারের তথ্য জমা আছে।”
গ্যাস বিতরণ নীতিমালা অনুসারে কেজিডিসিএল এই অতিরিক্ত গ্যাসের মূল্য আদায় করবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর।
অভিযানে কেজিডিসিএল’র একটি দল সহায়তা করে।
