সোহেল হত্যা: আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাছিম আহমদ সোহেল হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার নগরীর ওয়াসা মোড়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদ ক্যাম্পাসের সামনের রাস্তায় এক মানববন্ধন থেকে এই ঘোষণা আসে।
‘খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে কেন’, ‘আর কত সোহেল লাশ হলে প্রশাসনের টনক নড়বে’- নানা দাবিতে লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
সোহেল হত্যার বিচার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাস বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
ব্যবসা অনুষদের শিক্ষার্থী সামির সাকিব চৌধুরী বলেন, “সোহেল হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। ”
বিচারের দাবিতে ধারবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে বলে জানান তিনি।
ব্যবসা অনুষদের আরেক শিক্ষার্থী কামরুজ্জামান কাদেরী বলেন, “যতদিন সোহেল হত্যার বিচার না হচ্ছে ততদিন ওয়াসা ক্যাম্পাস বন্ধ থাকবে।
“বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা এ ক্যাম্পাসে কোনো ক্লাস হতে দেবে না।”
গত মঙ্গলবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা মোড় ক্যাম্পাসে বিদায় অনুষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের সংঘর্ষে ছুরিকাঘাতে মারা যান এমবিএর ছাত্র নগর ছাত্রলীগের নেতা সোহেল।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজন সোহেলের সহপাঠী। সোহেলকে ছুরিকাঘাতকারী মো. ইব্রাহিম সোহানও একই অনুষদের শিক্ষার্থী।
সোহেল খুন হওয়ার পর রোববার পর্যন্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। সোমবার থেকে ওয়াসা মোড়ের বিবিএ অনুষদ ছাড়া নগরীর অন্যান্য স্থানে অবস্থিত বাকি অনুষদগুলোয় ক্লাস শুরু হয়েছে।
