দীপ্ত টিভির বিরুদ্ধে চট্টগ্রামে মামলা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ তুলে সংবাদ পরিবেশন করায় বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির মালিক ও সাংবাদিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সানোয়ারা গ্রুপের ভূমি ব্যবস্থাপক শেখ আহম্মেদ বাদী হয়ে রোববার রাতে নগরীর চকবাজার থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলাটি করেন বলে জানান থানার এসআই নূর ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলায় দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, কাজী রাবেদ হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ, বার্তা সম্পাদক, চট্টগ্রাম অফিসের প্রতিবেদক লুনা আনসারী ও জমির মালিক পরিচয়দানকারী আবু বকরকে আসামি করা হয়েছ।
এসআই নূর বলেন, “গত ১৬ ও ২২ মার্চ টিভি চ্যানেলটিতে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবর রহমানকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়।
“এতে মন্ত্রী ও তার ছেলের সম্মানহানি হওয়ার অভিযোগ তুলে মামলাটি করা হয়েছে।”
থানা সূত্রে জানা যায়, নগরীর চান্দগাঁও কমিউনিটি সেন্টারের পেছনের কিছু জায়গা নিয়ে মন্ত্রী ও তার ছেলেকে জড়িয়ে সংবাদ পরিবেশন করায় মামলাটি করা হয়েছে।
