রিকশার গ্যারেজে অনুমোদনহীন আইসক্রিম কারখানা
রিকশার গ্যারেজের একাংশ ভাড়া নিয়ে বিএসটিআইয়ের অনুমোদন এবং প্রশিক্ষিত কর্মী ছাড়া আইসক্রিম তৈরির দায়ে চট্টগ্রামে দুটি কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার নগরীর ডাবলমুরিং থানার পাঠানটুলি ও নাজিরপুর এলাকার মিমি আইসক্রিম ও নিউ আইসক্রিম নামের দুটো কারখানায় অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএসটিআই লাইসেন্স ছাড়া রিকশা গ্যারেজের একাংশ ভাড়া নিয়ে অত্যন্ত নোংরা পরিবেশে আইসক্রিম বানাচ্ছিল দুটি প্রতিষ্ঠান।”
ঘনচিনি, স্যাকারিন ও কাপড়ের রং দিয়ে এসব আইসক্রিম বানানো হচ্ছিল জানিয়ে তিনি বলেন, “এসব অভিযোগে প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।”
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানা মালিকরা সটকে পড়ায় কাউকে জরিমানা করা যায়নি বলে জানান তিনি।
একই আদালত অনিয়মের অভিযোগে রিলাই পিউর ড্রিংকিং ওয়াটার নামে একটি পানির কারখানাও সিলগালা করে দিয়েছে।
