কবিতায় বাংলাদেশের ৪৫ বছরের সাতকাহন
দেশভাগ থেকে স্বাধীনতা পরবর্তী ৪৫ বছরে বাংলাদেশের সাতকাহন নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আবৃত্তি অনুষ্ঠান ‘কাব্যে ছন্দে বাংলা’।
শনিবার সন্ধ্যায় শহীদ জায়া মুশতারী শফি চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ‘বিভাস আবৃত্তি চর্চা কেন্দ্র’ আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ।
আবৃত্তি শিল্পী শামীমা শীলার গ্রন্থনা ও নির্দেশনায় পৌনে দুই ঘণ্টার এই আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, অচিন্ত্য কুমার সেন গুপ্ত, অমিতাভ দাশ গুপ্ত, সুকুমার রায়, সুভাষ মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, বুদ্ধদেব বসু, দিনেশ দাশ, ফজলে এলাহী, নির্মলেন্দু গুণ ও সিকান্দার আবু জাফরের মোট ২৪টি কবিতা আবৃত্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফফোর ডটকমকে শামীমা শীলা জানান, সাতচল্লিশে দেশ ভাগের পর বায়ান্ন ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী বাংলাদেশের ৪৫ বছরের বিভিন্ন দিক তুলে ধরা হয় আবৃত্তির মাধ্যমে।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, “একটি অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার জন্য মানুষের মন থেকে সব ধরনের গোড়ামি দূর করতে হবে। এই গোড়ামি দূর করতে ভূমিকা রাখতে পারে কবিতা।”
বিভাস আবৃত্তি চর্চাকেন্দ্রের সভাপতি আবু সাঈদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার, মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. আশরাফুজ্জামান, কবি ও সাংবাদিক ওমর কায়সার।
