২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় ইউপির প্রার্থী বাছাই নিয়ে আ. লীগের দুইপক্ষে সংঘর্ষ

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতা বাছাইয়ের তৃণমূল কর্মী সমাবেশে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 08:43 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন জানান, শনিবার সকালে ধর্মপুর ইউনিয়নের বিশ্বহাট বাজার মাঠে ওই ইউপির বর্তমান চেয়ারম্যান ইলিয়াছ চৌধুরী এবং সাবেক ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন হিরুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- তারেক, আবু তাহের, মোস্তাফিজুর রহমান, কামাল উদ্দিন সাকিল, মাহমুদ, ইছহাক, মোহাম্মদ আলী, নাজিম উদ্দিন, আবু বক্কর, আবদুল কাদের, আবদুল্লাহ, মহিউদ্দিন, আবু সালেহ ও ওসমান গণি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে গিয়াস উদ্দিন হিরুর পক্ষের লোকজন সভার জন্য করা মঞ্চে অবস্থান নেয়। এসময় ইলিয়াছ চৌধুরী পক্ষের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসতেই সংঘর্ষ শুরু হয়।

ওসি ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান চেয়ারম্যান ইলিয়াছ চৌধুরী ও প্রার্থী হতে ইচ্ছুক গিয়াস উদ্দিন হিরুর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সময় ইটের আঘাতে কয়েকজন আহত হয়।

আহতদের কারো অবস্থা তেমন গুরুতর নয় মন্তব্য করে সবাই স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।