২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে চট্টগ্রামে ব্যবসায় শিক্ষার পরীক্ষার্থী বেশি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার অন্যান্য বিভাগের চেয়ে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা বেশি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 08:31 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

রোববার থেকে শুরু হতে যাওয়া এবারের এইচএসসিতে চট্টগ্রাম বোর্ড থেকে পরীক্ষায় বসবে ৮৭ হাজার ৪৬৩জন শিক্ষার্থী।

এদের মধ্যে ৪৩ হাজার ৫১২ জন ছাত্র এবং ৪৩ হাজার ৯৫১ জন ছাত্রী।

বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে রোববার সকাল ১০টা থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারে বিজ্ঞান বিভাগ থেকে ১৪ হাজার ৭৮৯জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৯ হাজার ৬৬২ এবং মানবিক বিভাগ থেকে ৩৩ হাজার সাতজন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এছাড়া গার্হস্থ্য অর্থনীতি বিভাগ থেকে পাঁচ জন পরীক্ষার্থী অংশ নেবে বলে জানান তিনি।

চট্টগ্রামসহ আশেপাশের জেলার ২২৫টি কলেজের শিক্ষার্থীরা এবার অংশ নিচ্ছে।

বোর্ড থেকে পাওয়া তথ্যে জানা গেছে, চট্টগ্রাম বোর্ডে এবারে ৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম শহরে ২২ এবং শহর ছাড়া জেলায় ৩৯ কেন্দ্র রয়েছে।

এছাড়া  কক্সবাজারে ১৩, রাঙামাটিতে ১০, খাগড়াছড়িতে ৯ এবং বান্দরবানে চারটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে ৫০টি তদারকি দল পরীক্ষা পরিদর্শনে থাকবে বলে জানানো হয়েছে।

এবার প্রথমবারের মতো বহুনির্বাচনী ও সৃজনশীল দুটি অংশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।