২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ভেটেরিনারির গবেষণা ভিত্তিক ক্যাম্পাস হাটহাজারীতে

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ‘রিসার্চ অ্যান্ড ফার্ম’ ভিত্তিক ক্যাম্পাস নির্মিত হচ্ছে হাটহাজারীতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 07:38 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

শনিবার হাটহাজারী সদরে ১০ একর জায়গার উপর নির্মিতব্য এ ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নতুন এ ক্যাম্পাসের উদ্বোধন ও দুই দিনব্যাপি ১৩তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন-২০১৬ উপলক্ষে শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নগরীর পাহাড়তলি থানার জাকির হোসেন সড়ক সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস অবস্থিত।

সম্মেলনে সিভাসু উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের আকার মাত্র সাত একর হওয়ায় ফার্ম, পুকুর ও ফুড প্রসেসিং প্লান্ট স্থাপন করা যায় নি। ফলে গবেষণা ও ব্যবহারিক কাজ করতে অসুবিধা হত।

“গত ২৯ মার্চ ২৫ তম একনেক সভায় সরকার আড়াইশ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে, যা দিয়ে হাটহাজারী সদরে ১০ একর জমির উপর ক্যাম্পাস ও কক্সবাজারের দরিয়ানগরে পাঁচ একর জমিতে একটি ইনস্টিটিউট নির্মাণ করা হবে।”

জুলাই থেকে শুরু হওয়া এ প্রকল্প তিন বছরের মধ্যে শেষ হবে জানিয়ে উপাচার্য বলেন, হাটহাজারীর ক্যাম্পাসটি মূলত মাস্টার্স ও পিএইচডির শিক্ষার্থীদের গবেষণার জন্য ব্যবহার করা হবে। ক্যাম্পাসে ক্লাস, পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা হাতে-কলমে ব্যবহারিক গবেষণা করতে পারবেন। 

“দেশের সমুদ্রাঞ্চলের সম্পদ গবেষণা ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের উপর প্রভাব গবেষণায় কক্সবাজারের দরিয়ানগরে স্থাপিত হতে যাওয়া ‘ইনস্টিটিউট অব কোস্টাল বায়ো-ডায়ভারসিটি’ তে ‘মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনভারজেশন’ সাহায্য করবে।”

ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় পানি সম্পদমন্ত্রী আনিসুল মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানানো হয়।

এদিকে ‘প্রমোটিং ফুড সেফটি, ওয়ান হেলথ অ্যান্ড ব্লু ইকোনমি’ প্রতিপাদ্য নিয়ে শনিবার থেকেই বিশ্ববিদ্যালয় নগর ক্যাম্পাসে শুরু হচ্ছে বার্ষিক বিজ্ঞান সম্মেলন।

দুই দিনব্যাপী বিজ্ঞান সম্মেলনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

বিজ্ঞান সম্মেলন সম্পর্কে সিভাসু উপাচার্য বলেন, নিরাপদ খাদ্য গবেষণাকে এগিয়ে নিতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে চারটি টেকনিক্যাল সেশনে একটি মূল প্রবন্ধ ও ২৭ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

সম্মেলনে তামিলনাড়ু ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস টিলাগার এবং সিভাসুর প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।     

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সিভাসু ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক খন্দকার নুরুল ইসলাম, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক মো. আহসানুল হক, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক ড. পরিতোষ কুমার বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম উপস্থিত ছিলেন।