২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬০ সাংবাদিকের বই নিয়ে মেলা

চট্টগ্রাম প্রেসক্লাবের ৬০ জন সদস্যের লেখা বিভিন্ন বিষয়ের বইয়ের দুদিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 07:06 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

কথাসাহিত্যিক সেলিনা হোসেন শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এই বইমেলার উদ্বোধন করেন।

তিনি বলেন, সভ্যতার বাহক হলো বই। আর মুদ্রণ বাদ দিলে সভ্যতার ধারাবাহিকা থাকবে না।

“আমরা আমাদের মেধা ও মননকে প্রযুক্তির কাছে নতজানু হতে দিব না; মুদ্রণ ও অনলাইন একসঙ্গে চলার সুযোগ থাকতে হবে।”

এই প্রসঙ্গে যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেনেডেন্ট পত্রিকার মুদ্রণ বন্ধ হওয়ার কথা তুলে ধরে সেলিনা হোসেন বলেন, মলাটে বাঁধা বইয়ের যে গন্ধ, ভালো লাগা ও আবেদন সেটা অব্যাহত রাখার স্বার্থেই মুদ্রণ শিল্পকে টিকিয়ে রাখতে হবে।

“আমরা চাই না আমাদের বই শুধুমাত্র ইন্টারনেটকেন্দ্রীক হবে। প্রজন্মের হাতে বই তুলে দিয়ে নিজেদের বেঁচে থাকা ও অস্তিত্বকে সঞ্চারিত করতে হবে তাদের মধ্য।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, “বই যে পরিমাণ লেখা হচ্ছে সেভাবে ক্রিটিক্যাল এপ্রিসিয়েশন বা তুলনামূলক সাহিত্য বিচার হচ্ছে না।”

মানসম্পন্ন বইয়ের জন্য সমালোচনা ও তুলনামূলক সাহিত্য বিচারের উপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে শিশু সাহিত্য ও ছড়া ক্যাটাগরিতে রাশেদ রউফ, প্রবন্ধ ও গবেষণায় আবুল মোমেন ও উপন্যাসে বিশ্বজিৎ চৌধুরীকে শ্রেষ্ঠ লেখকের পুরষ্কার তুলে দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

মেলায় ঠাঁই পাওয়া বইয়ের মধ্যে শিশু সাহিত্য, কবিতা, উপন্যাস, রাজনীতি বিষয়ক, প্রবন্ধ, ছড়া এবং জাতিসত্তা বিষয়ক লেখার সংকলনসহ বিভিন্ন বিষয়ে বই আছে।

বইগুলোর রচয়িতারা সবাই চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সাংবাদিক।