২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খাবার পানি সরবরাহের ২ কারখানা সিলগালা

কেমিস্ট ছাড়া নামসর্বস্ব ল্যাব, নেই কোনো প্রয়োজনীয় যন্ত্রপাতি। কর্মরত কর্মচারীদেরও নেই পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া সম্পকে ন্যূনতম ধারণা; অথচ থেমে ছিল না বাজারে পানির জার সরবরাহ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 07:59 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার নগরীর বাকলিয়া থানার কে বি আমান আলী সড়কে এরকম দুটি পানি কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এই অভিযানে নেতৃত্ব দেন।

রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই কে বি আমান আলী সড়কের শাবাবা ড্রিংকিং ওয়াটার ও আরওয়া ড্রিংকিং ওয়াটার কারখানা দুটি পরিচালিত হচ্ছিল।

“একটি স্বয়ংসম্পূর্ণ ল্যাব ও একজন কেমিস্ট বাধ্যতামূলক হলেও কেমিস্ট ছাড়া পানি উৎপাদন করে আসছিল এ দুটি কারখানা। আর যে ল্যাব স্থাপন করা হয়েছে তাতে কোনো পানি বিশুদ্ধকরণের কোনো যন্ত্রপাতি ছিল না।”

যে কর্মচারীরা কারখানায় নিয়োজিত তাদের পানি বিশুদ্ধকরণ সম্পর্কে ন্যূনতম ধারণা নেই জানিয়ে এই নির্বাহী ম্যাজিস্ট্রট বলেন, দুই কারখানার মালিক প্রত্যেকেই প্রতিদিন ২৫০ থেকে ৩০০ পানির জার বাজারে সরবরাহ করত বলে স্বীকার করেছে।

এসব অপরাধে শাবাবা ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা ও আরওয়া ড্রিংকিং ওয়াটারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।