২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোটে সন্দ্বীপে সংঘাতে নিহত ২

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে ইউপি নির্বাচনে কেন্দ্র দখলে আওয়ামী লীগ এবং দলটির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 06:09 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

বৃহস্পতিবার বিকালে উপজেলার বাউরিয়া ইউনিয়নে এই সংঘর্ষে কনস্টেবলসহ অন্তত পাঁচজন আহত হন বলেও সন্দ্বীপে দায়িত্বে থাকা চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছেন।

ইউপি ভোটের দ্বিতীয় ধাপে এদিন ৬৩৯ ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ চলে। সহিংসতায় ঢাকা, যশোর ও জামালপুরে তিনজন নিহত হন।

চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে চর বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ প্রার্থী মো. জামাল উদ্দিন এবং বিদ্রোহী প্রার্থী জিল্লুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এতে সানাউল্লাহ (৪৫) ও মো. ইব্রাহীম (৩০) নামে দুজন ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।

বিভিন্ন সংবাদ মাধ্যমে আরও একজনের মৃত্যুর খবর দিলেও প্রশাসনের কর্মকর্তারা তা নিশ্চিত করেননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলেও জানান শহীদুল্লাহ।

তিনি বলেন, সংঘর্ষকারীদের ছোড়া গুলিতে মো. আল-আমীন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

সংঘর্ষে গুলিবিদ্ধ জালাল নামে এক ব্যক্তির অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিল্লুর রহমান সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার ছোট ভাই।