চট্টগ্রামে ১২০ লিটার স্পিরিটসহ পিকআপ জব্দ
চট্টগ্রাম শহরে ১২০ লিটার রেক্টিফাইড স্পিরিটসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার রাতে বিমানবন্দর সড়ক থেকে ভ্যানটি জব্দ করা হয় বলে বন্দর সার্কেলের পরিদর্শক ব্রজলাল চাকমা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিসিটি-২ নম্বর গেইটের সামনের সড়ক থেকে চার কনটেইনার ভর্তি স্পিরিট ও পিকআপ জব্দ করা হয়।চালক আনোয়ার হোসেনকেও (৩৮) আটক করা হয়েছে।”
স্পিরিটগুলো কোথায় কী কারণে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই পরিদর্শক।
