নর্দমায় ময়লা ফেলায় যুবককে মেয়রের ‘কানমলা’
চট্টগ্রাম নগরীতে দিনের বেলায় নর্দমায় ময়লা ফেলায় এক দোকান কর্মচারীর কান টানলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বুধবার দুপুরে নগরীর আগ্রাবাদে কমার্স কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নাছিরের ব্যক্তিগত সহকারী উজ্জ্বল দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়র মহোদয় আগ্রাবাদ এলাকায় সড়ক উন্নয়নের কাজ পরিদর্শনে গিয়েছিলেন।
“সেখান থেকে তিনি কমার্স কলেজ সংলগ্ন ওই নালাটি দেখতে যান। এসময় এক যুবক বালতিতে করে কিছু গৃহস্থালি বর্জ্য নালায় ফেলে দেয়।”
ওই যুবকের নাম শাহাদাত হোসেন (২৮)। সাতকানিয়ার বাসিন্দা শাহাদাত কমার্স কলেজের পাশের একটি মোটর পার্টসের দোকানে কাজ করেন।
উজ্জ্বল দত্ত বলেন, “সবার সামনে দিনের বেলায় নালায় ময়লা ফেলার অপরাধে ওই যুবককে কান মলে দেন মেয়র।
“পরে ওই যুবক ময়লা ফেলার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আর দিনের বেলায় নালায় ময়লা ফেলবেন না বলে কথা দেন।”
চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার কারণ হিসেবে খাল-নালা দখল ও সেগুলোতে ময়লা- আর্বজনা ফেলাকে অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
মেয়র নির্বাচিত হওয়ার পর নগরীর খাল-নালা আর্বজনা মুক্ত রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান নাছির।
গত বছরের ৩১ অগাস্ট এক ঘোষণায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে আবর্জনা ফেলার সময় বেঁধে দেয় সিটি করপোরেশন।
পাশাপাশি নগরীতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে জরিমানার বিধানও রাখা হয় নতুন নিয়মে।
