ছাত্র খুনের পর বিক্ষোভ, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বন্ধ
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দুই দল শিক্ষার্থীর মধ্যে দ্বন্দ্বের জের ধরে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় শহরজুড়ে বিক্ষোভ-অবরোধের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে প্রক্টরিয়াল বডির সঙ্গে বৈঠকের পর বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে।”
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন নিয়ে দুই পক্ষের হাতাহাতির মধ্যে ছুরিকাঘাতে আহত হয়ে এমবিএর শিক্ষার্থী নাছিম আহমেদ সোহেলের মৃত্যু হয়।
এর প্রতিবাদে তার সহপাঠীরা ক্যাম্পাসংলগ্ন প্রবর্তক মোড়ে অবরোধ করে এবং ভাংচুর চালায়। পরে ছাত্রলীগের একটি পক্ষ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করে ভাংচুর চালায় এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
অনুপম সেন বলেন, “ফেয়ার ওয়েল নিয়ে এমবিএর দুই পক্ষের অর্ন্তদ্বন্দ্বের কারণেই এ ঘটনা ঘটেছে। প্রক্টরিয়াল বডি ইতিমধ্যে এ ঘটনার তদন্ত করছে। পরে তারা বিক্ষোভ করে।”
ক্যাম্পাসের বাইরের বিক্ষোভকারীদের অধিকাংশই বহিরাগত বলে দাবি করেন উপাচার্য।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা পৌনে ৩টার দিকে তাকে মৃত্যু হয় বলে হাসপাতাল ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বাণিজ্য অনুষদের ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সকালে কয়েক দফা বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুপুরে সিনিয়র শিক্ষার্থীরা এক জুনিয়রকে মারধর করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
সোহেল মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রবর্তক মোড়ে প্রিমিয়ারের মূল ক্যাম্পাসের সামনে, আন্দরকিল্লা ও চেরাগী পাহাড় মোড়, আগ্রাবাদ ও মুরাদপুর সড়কে অবরোধ দিয়ে বিক্ষোভ করতে থাকলে চট্টগ্রাম শহরজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।
সন্ধ্যায় চেরাগী পাহাড় মোড় থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের জ্যেষ্ঠ প্রতিবেদক মিন্টু চৌধুরী জানান, ছাত্রলীগের একটি মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। মিছিল থেকে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করে।
এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় বেশ কয়েকটি যানবাহন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়র মূল ভেবনের নিচে অবস্থানরত বেশ কয়েকটি দোকানের কাচ ভাংচুর করে।
পরে পুলিশ তাদের সরিয়ে দিলে প্রবর্তক মোড়ে কয়েকটি দোকানের কাচ ভাংচুর করে তারা; একপর্যায়ে সোহেলের লাশ মোড়ে এনে বিক্ষোভ দেখায়।
৪টার দিকে নগরীর ওয়াসা মোড়েও সড়ক অবরোধ করে একটি পিকআপ ও রিকশা ভাংচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ।
চট্টগ্রাম নগর পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াসা ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষে আহত একজন মারা যাওয়ার পর প্রবর্তক মোড়ে দুই পক্ষ বিক্ষোভ করছে।
প্রবর্তক মোড়ে অবরোধের জেরে নগরীর চকবাজার, গোল পাহাড় মোড়, জিইসি মোড় ও ওয়াসাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট লাগে।
