তনু হত্যার বিচার পর্যন্ত আন্দোলনের শপথ চট্টগ্রামে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে শিক্ষার্থী-অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
ফেইসবুকভিত্তিক কয়েকটি গ্রুপের আহ্বানে সাড়া দিয়ে রোববার বিকালে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় রাজপথে নামে তারা। এসময় জামালখান মোড় থেকে চেরাগী মোড় পর্যন্ত সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সেখানে সমাবেশে অবিলম্বে তনুর খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির পাশাপাশি ‘পুরুষের মানসিকতায়’ পরিবর্তন আনার আহ্বান জানানো হয়।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের মধ্যে ভিক্টোরিয়া কলেজের এই ছাত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরব প্রতিবাদ জানাচ্ছে।
কুমিল্লায় চলছে ধারাবাহিক কর্মসূচি। রোববার তনুর শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও অবরোধ করে।
সেনানিবাসের মতো একটি সুরক্ষিত জায়গায় কীভাবে তনুর মতো মেধাবী শিক্ষার্থী ‘ধর্ষিত হয়’- সে প্রশ্নও তোলেন তিনি।
তার এই বক্তব্যের সময় তনুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় জামালখান এলাকা।
সমাবেশে ‘আর কত তনু মারা গেলে প্রশাসনের, রাষ্ট্রের টনক নড়বে’- বলে প্রশ্ন তোলেন আরেক পেশাজীবী চিকিৎসক মাছুমা আক্তার।
“ইসলামে নারীকে পর্দার সাথে চলতে বলা হয়েছে- সেটা আমরা জানি। কিন্তু বেপর্দা চললে ধর্ষণ করতে হবে- এ কথা কোন ধর্মগ্রন্থে লেখা আছে?”
সমাবেশের ফাঁকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ‘জরুরি পরিস্থিতিতে’ কীভাবে নিজেদের রক্ষা করতে হবে তার ওপর আত্মরক্ষামূলক কৌশল দেখান।
সমাবেশে সংহতি জানাতে উপস্থিত হয়েছিলেন তনুর সহপাঠীরাও।
তাদের একজন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী উম্মে লাবিবা বলেন, “অভাব কখনও তনুর স্বপ্নকে দমাতে পারেনি। নাচে-গানে-অভিনয়ে-পড়াশুনায় সে নিজেকে গড়ে নিচ্ছিল ভবিষ্যতের যোগ্য মানুষ হিসেবে। কিছু মানুষের লালসার শিকার হয়ে তনু আজ হারিয়ে গেছে। ”
ঘটনায় জড়িতদের বের করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মিনহাজ হোসাইন বলেন, “প্রশ্ন তুলতে হবে- কোনো সেনা সদস্য এ ঘটনায় জড়িত থাকলে সে কি আইনের ঊর্ধ্বে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাহাড়ের সব ধর্ষণ নিয়েও বিচারের আওয়াজ তুলতে হবে।”
সমাবেশ শেষে একটি প্রতিবাদী পদযাত্রা প্রেসক্লাব চত্বর থেকে নগরীর ডিসি হিলে গিয়ে শেষ হয়। সেখানে তনু হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার শপথ নেয় হাজারো মানুষ।
