২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর চ্যানেলে ১১ জাহাজকে জরিমানা

চট্টগ্রাম বন্দর চ্যানেলে অতিরিক্ত পণ্য পরিবহন ও পরিবেশ দূষণসহ নানা অপরাধে ১১টি জাহাজকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

রোববার দিনভর চালানো অভিযানে চট্টগ্রাম বন্দরের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন জাহাজ থেকে নয় লাখ ৩০ হাজার টাকা বকেয়া ভাড়াও আদায় করে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত পণ্য পরিবহন, মাস্টার ও ড্রাইভারের সনদ না থাকা, পরিবেশ দূষণ, নিরাপত্তা সরঞ্জাম না রাখাসহ কয়েকটি অপরাধে ১১টি জাহাজকে জরিমানা করা হয়।

চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাশেম জানান, এফভি গরীবে নেওয়াজকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা জরিমানা করা যায়। এফভি হাফেজ বাড়ি ও এফভি ফিস্মার্ককে ৩৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এফভি আইয়ুব মনোয়ারা-২, এমভি ওশান মুমু, এফভি লংফিন-২, এফভি বাটা ও এফভি ফ্লেমিঙ্গো নামের জাহাজকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া এফভি মদিনা-১ ও এফভি জমজম-১-কে ২০ হাজার টাকা করে এবং এফভি ইউরেস্টার-১-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাশেম জানান, অভিযান চলাকালে বন্দর চ্যানেলে অবস্থানকারী জাহাজে অবৈধভাবে পানি বিক্রি করায় ফজল মাঝি নামের একজনেক ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া বিভিন্ন জাহাজের কাছ থেকে ‘পোর্ট ডিউজ’ বাবদ নয় লাখ ৩০ হাজার টাকা আদায় করা হয়।