সুবিধাবঞ্চিতদের জন্য ‘অন্যরকম’ একদিন
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করল ‘আলোর ঠিকানা’ নামে একটি স্কুল।
স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম রেলস্টেশনে ‘আলোর ঠিকানা’ স্কুল প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য তাই শনিবার দিনটি ছিল একটু অন্যরকম।
এদিন গান, নাচ আর চিত্রাঙ্কনের মতো আয়োজন ছিল শিশুদের জন্য।
অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিক্ষার্থীদের জন্য পরিবেশন করে ‘ইতিহাস কথা কও’ শীর্ষক নাটক।
চট্টগ্রামের গানের দল অগ্নি ও অধ্যায়ও শিক্ষার্থীদের জন্য গান পরিবেশন করে।
‘আলোর ঠিকানা’ স্কুলের পরিচালক সাংবাদিক ঋত্বিক নয়ন বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই বিদ্যালয় আলোর ঠিকানা। তাদের নিয়ে কেউ কখনও স্বাধীনতা দিবস পালন করে না।
“বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তাদের জানাতে এই আয়াজন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার, নাট্যজন প্রদীশ দেওয়ানজী, চট্টগ্রাম মহানগরী খেলাঘর সহ-সভাপতি শিলা দাশ গুপ্তা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জিআরপি থানার ওসি হিমাংশু কুমার দাশ।
