চট্টগ্রামে ফুল দিতে গিয়ে আ. লীগে হাতাহাতি, পরে সংঘর্ষ
চট্টগ্রামের চন্দনাইশে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ফুল দেওয়া নিয়ে হাতাহাতির জের ধরে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ।
শনিবার চন্দনাইশ সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে সেলিম নামে একজন আহত হয়েছেন। তিনি চন্দনাইশ পৌরসভা যুবলীগের সদস্য।
চট্টগ্রামের পটিয়া সার্কেলের এএসপি শামিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু আহমদের সমর্থকদের মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে।
“সেই ঘটনার রেশ ধরে দুপুরে উপজেলা সদরে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।”
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলা সদরে আবু আহমদ পক্ষের লোকজন দলবলসহ ঘোরাঘুরির এক পর্যায়ে জাহাঙ্গীরের অনুসারী সেলিম উদ্দিনকে মারধর করে।
খবর পেয়ে জাহাঙ্গীরের অনুসারীরা জড়ো হয়ে প্রতিপক্ষের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
