২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লোকসানে’ ব্যবসা গোটাচ্ছেন চট্টগ্রামের দুগ্ধ-খামারিরা

বছর বছর বাড়ছে গুড়ো ‍দুধ আমদানির পরিমাণ; গো-খাদ্যের দামও চড়া, অন্যদিকে কমছে ডেইরি পণ্যের দাম। লোকসানে পড়ে তাই খামারে গরুর সংখ্যা কমিয়ে আনছেন চট্টগ্রামের পশ্চিম পটিয়ার ডেইরি ফার্মের মালিকরা। ধীরে ধীরে ব্যবসা গোটানোর পরিকল্পনাও আছে তাদের।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 01:31 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

বছর কয়েক আগেও চাহিদামাফিক দুধ পৌঁছাতে হিমশিম খেতে হতো এ দুগ্ধ-ব্যবসায়ীদের। জেলার চার তৃতীয়াংশ গরুর খামারের অবস্থান পটিয়াতেই। এখান থেকেই নগরীর বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে তরল দুধ পৌঁছাতেন ব্যবসায়ীরা।

আর এখন ‘আর্থিক ক্ষতি’ পোষাতে ব্যবসাই ছেড়ে দেয়ার কথা ভাবতে হচ্ছে তাদের।

“গুঁড়োদুধের কারণে তরল দুধের চাহিদা কমে গেছে। এছাড়া দুধের দামও কম পাওয়া যাচ্ছে। এ কারণে গরু পালন ব্যয়সাধ্য হয়ে গেছে। খরচের সাথে আয়ে কোনভাবেই পোষাচ্ছে না,” বলেন পশ্চিম পটিয়ার শিকলবাহা এলাকার মো. জাহেদ।

জাহেদ ডেইরি ফার্মের এ মালিক জানান, কয়েক বছর আগেও তার খামারে গরু ছিল ৮০টি। খরচ না পোষানোয় গত সোমবারও ছয়টি গরু বিক্রি করে দিয়েছেন তিনি।

 “এখনমাত্র ১২টি। এগুলোও ছেড়ে দিব চিন্তা করছি,” হতাশ কণ্ঠে বলেন জাহিদ।

বিদেশ থেকে বেশি পরিমাণে গুঁড়ো দুধ আমদানির কারণেই ডেইরি শিল্পের এই দুরবস্থা বলে মনে করেন তিনি।

“আগে প্রতিটি খামারে গড়ে ২৫ থেকে ৩০টি করে গরু থাকত। এখন গরুর দুধের চাহিদা কমে গেছে, তাই বাধ্য হয়েই খামারির গরু বিক্রি করে দিচ্ছেন।”

জাহিদের সঙ্গে একমত ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের’ সহ-সভাপতি মুছা আদর্শ। তার মতে, এজন্যই অধিকাংশ খামারি তাদের ব্যবসা ছোট করে আনছেন।

অ্যাসোসিয়েশনের অধীনে প্রায় ৫৩৬টি গরুর থামার আছে বলে জানান মুছা, যার দুই-তৃতীয়াংশই পশ্চিম পটিয়া এলাকায়। সমিতির হিসেবের বাইরে ছোট আরও অনেক খামার আছে বলেও জানান তিনি।

ব্যক্তিগত ও যৌথ খামার মিলিয়ে মুছার একসময় ৫৫টি গরু থাকলেও এখন এ সংখ্যা মাত্র সাত।

“প্রতিনিয়ত গো খাদ্যের দাম বাড়ছে। প্রতিটি গরুর পেছনে মাসিক চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হলেও দুধ বিক্রি করে সে পরিমাণ টাকা আয় হয় না,” বলেন এ ডেইরি ব্যবসায়ী।

মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একসময় তাদের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার লিটার দুধ নিলেও এখন নেয় মাত্র দুই থেকে তিন হাজার লিটার, দাবি মুছার।

“মিষ্টি বানাতে প্রতিষ্ঠানগুলো তখন শুধু তরল দুধের ওপর নির্ভরশীল থাকত, এখন তরল দুধের সাথে গুঁড়ো দুধও মেশানো হয়। এজন্য চাহিদা দিন দিন কমছে।”  

উৎপাদিত দুধের সিংহভাগ সংগ্রহকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা কর্তৃপক্ষও দুধের দাম কম দিচ্ছে বলে জানান এ খামারি।

“আগে তারা (মিল্ক ভিটা কর্তৃপক্ষ) যে দামে দুধ নিত এখন তারা লিটারে তার চেয়েও দুই টাকা করে কমিয়ে দিয়েছে। বছর শেষে খামারিদের লিটার প্রতি যে টাকা বোনাস দিত তাও এখন এক টাকা করে কমে গেছে।”

দাম কমানোর এ কথা স্বীকার করেছেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড (মিল্ক ভিটা) চট্টগ্রামের পরিচালক নাজিম উদ্দিন হায়দারও।

তিনি বলেন, তরল দুধের সরবরাহ থাকলেও ক্রেতার সংখ্যা কমে আসায় সারাদেশেই সংগ্রহ মূল্য কমানো হয়েছে।

এজন্য বিদেশ থেকে ‘অবাধে’ গুঁড়ো দুধ আমদানিকে দায়ী করেছেন তিনি। ডেইরি শিল্প বাঁচাতে ‘সরকারের একটি সমন্বিত পরিকল্পনা’ নেওয়া উচিত বলেও মন্তব্য তার।

“আমদানির বদলে তরল দুধ প্রক্রিয়াজাতকরণ করে দেশেই গুঁড়ো দুধ তৈরির পরিকল্পনা নিতে হবে,” বলেন নিজাম উদ্দিন।

একই আশা খামারিদেরও। তাদের বিশ্বাস, এই শিল্পের বিকাশ আর খাদ্য নিরাপত্তার কথা বিবেচনায় সরকার ‘ডেইরি-বান্ধব’ নীতি নিলেই দশকের পর ধরে চলে আসা এ খামারগুলো আবারও পরিপূর্ণ হয়ে উঠবে।