২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িচাপায় ২ কিশোর নিহত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দার পুকুর পাড় এলাকায় মাইক্রোবাসের চাপায় দুই কিশোর মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 12:15 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

শনিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে বলে চান্দগাঁও থানার ওসি মো. শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।  

নিহত দুজনই ছিন্নমূল বলে পুলিশ জানিয়েছে। একজনের নাম মো. মান্নান (১৬)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। অন্যজনের (১৫) পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ২টার দিকে কক্সবাজার থেকে নগরীর দিকে আসা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয়। তারপর মাইক্রোবাসটি সড়কের পাশের একটি ডাস্টবিনে ঢুকে পড়ে।”

ওই সময় ডাস্টবিনে কাগজ কুড়াচ্ছিলেন ওই দুই কিশোর। তারা ঘটনাস্থলেই মারা যান।

সেখানে থাকা মানসিক ভারসাম্যহীন এক নারীও এই দুর্ঘটনায় আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাইক্রোবাসটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে।