২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তনু হত্যা: ‘সংরক্ষিত স্থান’ নিয়ে প্রশ্ন ছাত্র ফ্রন্টের

কলেজ ছাত্রী তনু হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামে মিছিল সমাবেশে করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 09:52 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

শুক্রবার বিকালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নগর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেলে নগরীর দোস্ত বিল্ডিংয়ে সংগঠনের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ পরিচালনা করেন নগর কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইয়েম।

কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় ২০ মার্চ রাতে একটি কালভার্টের কাছ থেকে তনুর লাশ উদ্ধার করে পুলিশ, যিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

সমাবেশে নগর শাখার সভাপতি তাজ নাহার রিপন বলেন, “দেশে একের পর এক নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। কিন্তু অপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।

“বার বার এ ধরনের ঘটনা ঘটার পরও দোষীদের গ্রেপ্তার ও কোনো ধরনের শাস্তি আমরা দেখছি না। এ বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করছে।”

সমাবেশে ফ্রন্টের সহ-সভাপতি মুক্তা ভট্টাচার্য বলেন, “কীভাবে একটি নিরাপদ ও সংরক্ষিত স্থানে কলেজ ছাত্রী তনু ধর্ষিত ও খুন হলো।

“বর্তমানের পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় নানা ভাবে ধ্বংস করা হচ্ছে যুব সমাজের নৈতিক শক্তিকে। যার কারণে দেশে কোথাও নারী-শিশুসহ সাধারণ মানুষ নিরাপদ নেই।”

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও তনু হত্যায় ‘অসাধারণ’ কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়ে আসছেন।