সীতাকুণ্ডে মাদকসেবীদের লাঠিপেটায় যুবক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার জোড় আমতল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান।
নিহত মো. রুবেল (২৩) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ছড়ারকুল এলাকার নুরুল আবসারের ছেলে।
ওসি ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুবেল বিকালে কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠে খেলতে যান।
“সেখানে কয়েকজন যুবক বসে মাদক সেবন করার সময় তাদের বাধা দেন রুবেল।”
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, এসময় মাদকসেবী যুবকদের লাঠির আঘাতে রুবেল মাটিতে পড়ে যান।
পুলিশ কর্মকর্তা ইফতেখার বলেন, রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
