চট্টগ্রামের জামায়াত আমির কারামুক্ত
প্রায় দুই বছর কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর আ ন ম শামসুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে জামিনের কাগজপত্র পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয় বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান।
কারা কর্মকর্তারা জানান, নগরী ও জেলার বিভিন্ন থানায় ছয়টি মামলা ছিল শামসুলের বিরুদ্ধে। এর সবকটিতেই তিনি সম্প্রতি জামিন পান।
নগরীর দেওয়ান বাজার এলাকায় জামায়াতের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অভিযান চালিয়ে ২০১৪ সালের ১২ মে আ ন ম শামসুল ইসলামসহ ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
দুইমাস পর ১৬ জুলাই জামিনে ছাড়া পেলেও লোহাগাড়া থানার দুই মামলায় কারাফটক থেকে জেলা পুলিশ তাকে ফের গ্রেপ্তার করে।
এসব মামলার জামিনের পর গত বছরের ৩ জুন জামিনে মুক্তির পর পাঁচলাইশ থানার একটি ভাংচুরের মামলায় নগর গোয়েন্দা পুলিশ তাকে আবারও কারাফটক থেকে গ্রেপ্তার করে।
এরপর নগরী ও জেলার বিভিন্ন থানায় ছয়টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
