চবি সংস্কৃত বিভাগে সভাপতির কক্ষে শিক্ষার্থীদের তালা
সেশন জট, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা, শ্রেণিকক্ষের সঙ্কটসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সভাপতিকে একঘণ্টা তার কক্ষে তালা আটকে রেখেছে শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, সংস্কৃত বিভাগের সভাপতি সুপ্তিকণা মজুমদারের কাছে বহুবার আবেদন করা হলেও বিভাগের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এই অভিযোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সভাপতির কক্ষে তালা দিয়ে একঘণ্টা বিক্ষোভ দেখায় একদল শিক্ষার্থী।
এ বিভাগে ২০১৩-১৪ সেশনে ভর্তি হওয়া সন্দ্বীপ বিশ্বাস বলেন, “নিয়মিত পরীক্ষা হলে আমি এখন তৃতীয় বর্ষে থাকতাম। গত নভেম্বরে প্রথম বর্ষ পরীক্ষা দিয়েছি, এখন পর্যন্ত তার ফলাফল প্রকাশিত হয়নি।”
অন্য সেশনের শিক্ষার্থীদেরও ‘একই অবস্থা’ জানিয়ে তিনি বলেন, “কর্তৃপক্ষকে অনেকবার এসব বিষয়ে বলা হয়েছে, তারা গা করেনি।”
ভুক্তভোগী অন্য শিক্ষার্থীরা সেমিনার কক্ষ, শিক্ষক ও শ্রেণিকক্ষের সঙ্কটের কথাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিভাগের সভাপতি অধ্যাপক সুপ্তিকণা মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি গত ২১ জানুয়ারি দায়িত্ব নিয়েছি। আগের সভাপতি এখন পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেননি। সে কারণে কোনো উদ্যোগ নিতে পারছি না।”
শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো রেজিস্ট্রারকে অবহিত করার কথা জানিয়ে বিভাগীয় প্রধান বলেন, “রেজিস্ট্রার বিভাগে এসে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
