২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাসকিন-সানিকে নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে

তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে নিষিদ্ধে আইসিসি’র সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) শক্ত অবস্থান দাবি করেছে চট্টগ্রামের ক্রীড়ামোদীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 09:07 PM

Updated : 11 Oct 2022, 07:58 PM

সোমবার নগরীর কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সড়কে এক মানববন্ধন থেকে এ দাবি জানায় ফেইসবুক ভিত্তিক গ্রুপ লাইটার ইয়ুথ ফাউন্ডেশন ও ভলান্টিয়ার্স ফাউন্ডেশন।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী তাসকিন ও সানির সমর্থনে প্ল্যাকার্ডসহ অংশ নেয়।

মানববন্ধনের অন্যতম আয়োজক জুয়েল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাসকিনকে যেভাবে পরীক্ষা করা হয়েছে সেটাতে বুঝা যায় আইসিসির অভিসন্ধি। এরকম সিদ্ধান্ত দিয়ে খেলোয়াড়দের মনোবল ভেঙে বাংলাদেশের ক্রিকেটের উত্থানকে থামাতে চায় আইসিসি।

“তাই বিসিবিকে আইসিসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। না হলে সম্ভাবনাময় সব খেলোয়াড়ের ক্ষেত্রে এমন খড়গ নেমে আসতে পারে।”

ভলান্টিয়ার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অনিন্দ্য অনিক বলেন, “যে প্রক্রিয়ায় তাসকিনের বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়েছে সে প্রক্রিয়াটি নিজেই অবৈধ। যেভাবে অল্প সময়ের মধ্যে তাসকিনকে বাউন্সার ছুড়তে বলা হয়েছে তাতে যে কারও কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যাবে।

“তাই আমাদের দাবি, বাংলাদেশের ক্রিকেটের সম্পদ যারা- তাদের রক্ষায় বিসিবি শক্ত ভূমিকা পালন করুক।”

মানববন্ধনে অন্যদের মধ্যে লাইটার ইয়ুথ ফাউন্ডেশনের আমজাদ হোসেন আবীর, জাহান সুলতানা, ফয়সাল ইবনে মামুন রশিদ ও আলাউদ্দিন আয়াজ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগও জেলা শিল্পকলা একাডেমির সামনে এক প্রতিবাদী মানববন্ধন করেছে।