হোল্ডিং কর আদায়ে জিরো টলারেন্স দেখাবে সিসিসি: নাছির
নগরীর কর আদায়যোগ্য সব স্থাপনা পুনঃ কর মূল্যায়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সোমবার বিকালে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সিটি করপোরেশনের ‘পঞ্চবার্ষিকী কর মূল্যায়ন কর্মসূচি’র উদ্বোধনীতে মেয়র এ সিদ্ধান্ত জানান।
আ জ ম নাছির বলেন, নগরীর কর আদায়যাগ্য সব স্থাপনা পুনঃ কর মূল্যায়নের আওতায় নিয়ে আসা হবে। কোনো স্থাপনাই এ কর্মসূচিতে বাদ যাবে না। হোল্ডিং ট্যাক্স আদায়ে জিরো টলারেন্সে থাকবে সিসিসি।
“হোল্ডিং ট্যাক্স আদায়ে অতীতে অনেক অনিয়ম হয়েছে। ফলে সিসিসির আয় কমেছে। ৩৫০ কোটি টাকার দেনা নিয়ে সিটি করপোরেশন এখন একটি পঙ্গু প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”
হোল্ডিং ট্যাক্স সিটি করপোরেশনের আয়ের মূল উৎস জানিয়ে মেয়র বলেন, “করপোরেশনের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী এ অনিয়মের সাথে জড়িত। তাদেরকে আমরা চিহ্নিত করেছি।
“তাদের মধ্যে সবচেয়ে সমালোচিতদের বাদ দিয়ে বাকিদের আমরা সুযোগ দিয়েছি কাজ করার। ট্যাক্স আদায়ে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে তাদের বিরুদ্ধে সিসিসি কঠোর পদক্ষেপ নেবে। পাশাপাশি কর মূল্যায়নকারী কর্মকর্তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।”
অতীতে ২০ হাজার টাকা ভাড়ার একটি বাসাকে নয় হাজার টাকা ভাড়া দেখিয়ে ব্যক্তিগতভাবে কর আদায়কারী কর্মকর্তা-কর্মচারীরা লাভবান হয়েছে বলেও জানান মেয়র।
তিনি বলেন, “এসব দুর্নীতির কারণে সিসিসি’র আয় কমেছে। দেনা বেড়েছে। এখন থেকে আইনের মধ্যে থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী যতটুকু ট্যাক্স আদায়ের বিধান আছে ততটুকু ট্যাক্স আদায় করা হবে।”
ট্যাক্স আদায়ে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার কথা জানিয়ে নাছির বলেন, “হোল্ডিং ট্যাক্স আদায়ে বাড়ির মালিককে কোনো ধরনের ভয়ভীতি দেখানোর অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
“নতুন কর পুনঃ মূল্যায়নের বিষয়ে জনগণকে সচেতন করতে পত্রিকায় ইতোমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এছাড়াও লিফলেট বিলি, মাইকিংও করা হচ্ছে। ফলে ট্যাক্স আদায় নিয়ে জনগণের মাঝে যে বিভ্রান্তি আছে সেটা দূরীভূত হবে।”
নগরীর প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয়েও হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে বলে জানান সিটি মেয়র।
জনগণকে সাথে পেলে এ কর্মসূচি সফল হবে বলেও আশাবাদ মেয়রের।
ট্যাক্স আদায় সফল হলে সিসিসি নাগরিক সুবিধা প্রদানে আরও সক্ষম হয়ে উঠবে।
ট্যাক্স আদায় সফল হলে সিসিসি নাগরিক সুবিধা প্রদানে আরও সক্ষম হয়ে উঠবে আশা প্রকাশ করে নাছির বলেন, “রাস্তাঘাট সংস্কার, নালা-নর্দমা পরিস্কার করা ও নগরীর সড়কগুলোতে আলোকায়নের মত যে মূল দায়িত্বগুলো- সিটি করপোরেশন তা আরও দক্ষতার সাথে পালন করতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে নগরীর ৪১ ওয়ার্ডের কাউন্সিলরের পাশাপাশি চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চেম্বারের সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ উপস্থিত ছিলেন।
