২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছয় বছরের শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রামে ছয় বছর বয়সী এক শিশুর ‘রহস্যজনক’ মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 03:16 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

শুক্রবার দুপুরে খুলশী থানার টাইগারপাস রেলওয়ে কলোনির একটি বাসা থেকে মাহিমা আক্তার রীতা নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে খুলশী থানার এস আই মাসুম রেজা জানান।

রীতার মা আফরোজা বেগম চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধায়।

আফরোজার বরাত দিয়ে এসআই মাসুম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ভাত খাওয়ার পর রীতা মায়ের সঙ্গে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে মেয়েটিকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে তার মা দাবি করেছে।”

এই পুলিশ সদস্য জানান, রীতার বাবার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আফরোজা দ্বিতীয় বিয়ে করেন।

“দ্বিতীয় স্বামী ওই বাসায় নিয়মিত থাকতেন না, মাঝে মাঝে আসতেন। কাল রাতে তিনি ছিলেন না বলে আফরোজা জানিয়েছেন।” 

মাসুম রেজা জানান, মেয়েটিকে দাফনের জন্য গাইবান্ধা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তার মা। এ সময় বাড়ির মালিকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

“মেয়েটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তার দাঁতে দাঁত চেপে ছিল।”

রীতার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই মাসুম জানান।