২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকীতে চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে শিশুর বিকাশে নিরাপদ সমাজ নির্মাণের অঙ্গীকার উঠে এসেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 09:51 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে শিশু দিবসও।

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি), চট্টগ্রাম জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।  

নগর ভবনে দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, খতমে কোরআন ও মিলাদের আয়োজন করে সিসিসি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিসি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, শিশুদের প্রাণের অধিক ভালোবাসতেন বঙ্গবন্ধু। সে কারণে বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু দিবস পালন করা হয় সারাদেশে।

“শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তারা যাতে নিরাপদে বিকশিত হতে পারে আজকের এইদিনে আমাদের সে অঙ্গীকার করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নবীজ ছড়িয়ে দিতে হবে ‍শিশুদের মধ্যে।”

ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কোরআন তেলাওয়াত, হামদ-নাত-কিরাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

নগরীর আন্দরকিল্লায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মো. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, “যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন জাতির জনক দেখতেন, সে স্বপ্ন পূরণে শিশুদের জন্য নিরাপদ সমাজ নির্মাণের বিকল্প নেই।”  

চট্টগ্রাম মহানগর যুবলীগ দলীয় কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করে। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন।

সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক মেজবাদ উদ্দিন।

এরপর বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর গোলপাহাড় মোড় ঘুরে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।

সেখানে আলোচনা সভায় বিভাগীয় কমিশনার রুহল আমিনও শিশুর জন্য নিরাপদ পরিবেশ গড়তে সবার প্রতি আহবান জানান।