চট্টগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার রক্ষা দিবস পালিত
খাদ্যে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিকের প্রকোপ থেকে রক্ষা পেতে কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা তৈরির ওপর জোর দিয়েছেন ভোক্তারা।
মঙ্গলবার নগরীর সার্কিট হাউজে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক মতবিনিময় সভায় এ জোর দেন ভোক্তারা।
এবারের বিশ্ব ভোক্তা অধিকার রক্ষা দিবসের প্রতিপাদ্য ছিল ‘অ্যান্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন’।
সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন বলেন, প্রাণিমাত্রই খাদ্যের উপর নির্ভরশীল। কিন্তু সে খাদ্যও প্রাণঘাতি হয়ে উঠছে মানবসৃষ্ট নানা কারণে।
তিনি খাদ্যে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার রুখতে জনমত তৈরির ওপর গুরুত্ব দিয়ে বলেন, জনমত হল এ ক্ষেত্রে শ্রেষ্ঠ অস্ত্র। জনমত তৈরি করতে পারলে আমরা খাদ্যকে দূষণমুক্ত করতে পারব।
ক্যাব চট্টগ্রাম অঞ্চলের সভাপতি নাজের হোসাইন বলেন, পোল্ট্রি ফিড, মাছ ও গরু মোটাতাজাকরণে ব্যাপক হারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। এটা রোধ করতে না পারলে বর্তমান প্রজন্মকে রক্ষা করা যাবে না।
পানি, আবহাওয়া ও ধুলাবালির মাধ্যমে অ্যান্টিবায়োটিকের এ জীবাণু চারপাশে ছড়িয়ে পড়ছে জানিয়ে তিনি বলেন, পোল্ট্রি ফিডের ওপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়াতে এ সমস্যার আরও গভীর হয়েছে। অ্যান্টিবায়োটিকের প্রকোপ থেকে শাক-সবজিও বাদ যাচ্ছে না।
অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নেওয়া ও জনসচেতনতা তৈরির ওপর জোর দেন তিনি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, খাদ্যে যেভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাড়ছে তার রীতিমত উদ্বেগজনক। শুধুমাত্র আইনের প্রয়োগ এ পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারবে না। পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে হবে।
সভায় ভোক্তা প্রতিনিধি মির্জা নুরুল করিম জানান, অতিরিক্ত অ্যান্টিবায়েটিকের ব্যবহারের কারণে গত কয়েক দশকে বেশ কিছু অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেছে। যেমন ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন এখন আর ম্যালেরিয়ার বিরুদ্ধে কোনো ফল দিচ্ছে না।
অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।
সভায় হোটেল মালিকদের নিয়ে পরিচ্ছন্নতার উপর সেমিনার আয়োজনের জন্য ক্যাবকে আহ্বান জানান ভোক্তা প্রতিনিধিরা।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, জেলা নারী উন্নয়ন ফোরামের নেত্রী রেহানা বেগম চৌধুরী, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, আনসার-ভিডিপি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক এস এম আজিম ও সাংবাদিক চৌধুরী ফরিদ উপস্থিত ছিলেন।
