সীতাকুণ্ডে পাহাড়ের পেঁপে বাগানে যুবকের লাশ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি পাহাড়ের পেঁপে বাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে অজ্ঞাতপরিচয় ওই যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয় বলে জানান সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
তার গায়ের রং শ্যামলা; পরনে ছিল নীল রঙের টি শার্ট ও বাদামি গ্যাবাডিং প্যান্ট।
এসআই রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিপিএইচ কারখানার পূর্ব পাশের পাহাড়টির টং ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
“ওই পাহাড়ে স্থানীয় শাহাবুদ্দিনের একটি পেঁপে বাগান আছে। টং ঘরের ভেতর শোয়ানো অবস্থায় লাশটি পাওয়া যায়। লাশের সামনে পেঁপেও ছিল।”
পুলিশ কর্মকর্তা রফিকুল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়।
“প্রথমে তাকে শ্রমিক মনে করেছিলাম। তবে স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছে না।”
