২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসির ভ্যানে ব্যবসার সুযোগ পাবেন হকাররা: মেয়র

দখল হওয়া ফুটপাত পথচারীদের ফিরিয়ে দিতে হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 10:01 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

রোববার নগর ভবনে নিবন্ধিত হকার সংগঠনগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, সড়কগুলোকে সর্বসাধারণের জন্য নিরাপদ ও চলাচল উপযোগী করতে হকারদের একটা ‘শৃঙ্খলা বেষ্টনীর’ মধ্যে নিয়ে আসা হবে।

দরিদ্র হকারদের জীবন-জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তাদেরকে প্রতিদিন বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত সিসিসি’র সরবরাহকৃত ভ্যানে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে।

নিবন্ধিত সংগঠনগুলোর কাছ থেকে প্রাপ্ত তালিকার ভিত্তিতে সরবরাহকৃত ভ্যানে নির্দিষ্ট স্থানে তারা ব্যবসা করার সুযোগ পাবেন বলে তিনি জানান।

সিটি মেয়র বলেন, “এজন্য নগরীর ফুটপাতগুলোতে জরিপ করা হবে। জনসাধারণের চলাচলের জায়গা রেখে নির্দিষ্ট স্থানে তাদের ব্যবসা করার সুযোগ দেওয়া হবে”।

সভায় চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতি, চট্টগ্রাম হকার্স লীগ, চট্টগ্রাম সিটি হকার্স লীগসহ সাতটি নিবন্ধিত সংগঠনের নেতারা অংশ নেন।

এতে নিবন্ধিত হকারদের পরিচয়পত্র প্রদান ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের সিদ্ধান্তও হয়।

জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, মহানগর সভাপতি বখতেয়ার উদ্দিন খান, কাউন্সিলর হাসান মুরাগ বিপ্লব এবং সোলায়মান সেলিম সভায় উপস্থিত ছিলেন।