২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বাণিজ্য মেলায় সাড়ে চারশ প্রতিষ্ঠান

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) শুরু হচ্ছে শুক্রবার, যাতে সাড়ে চারশ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 08:24 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নগরীর পোলোগ্রাউন্ড মাঠে শুক্রবার বিকাল ৩টায় মেলার ২৪তম আসরের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে মেলার সার্বিক দিক তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মেলা কমিটির কো-চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ জানান, মেলায় এবছর ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে।

১১ মার্চ থেকে শুরু হয়ে মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। দর্শনার্থীদের জন্য টিকেটের দাম রাখা হয়েছে ১০ টাকা। আর চার বছরের নিচে শিশুদের জন্য পাঁচ টাকা।  

গত ১২ বছরের মতো এবারও থাইল্যান্ড মেলার ‘কান্ট্রি পার্টনার’ হিসেবে থাকবে বলে জানান সৈয়দ জামাল।

থাইল্যান্ডের পাশাপাশি ভারত, চীন ও ইরানেরও বিভিন্ন স্টল থাকবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর মেলায় ১২টি প্রিমিয়াম গোল্ড প্যাভিলিয়ন, তিনটি মিনি মেগা প্যাভিলিয়ন, আটটি প্রিমিয়াম প্যাভিলিয়ন ও ২০টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন থাকবে।

এছাড়াও ১৬৬টি প্রিমিয়াম মেগাবুথ, ২২টি মেগা বুথ, ১০টি প্রিমিয়াম গোল্ড বুথ, ১৬টি প্রিমিয়াম বুথ, ১৪টি স্ট্যান্ডার্ড বুথ ও তিনটি রেস্টুরেন্টসহ সর্বমোট ৩৮টি প্যাভিলয়ন থাকবে।

মেলায় এবছর রেডক্রিসেন্ট সোসাইটি, সন্ধানী ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের জন্য একটি করে স্টল বরাদ্দ রাখা হয়েছে।

সৈয়দ জামাল জানান, মেলায় অংশগ্রহণকারীদের নিরাপদ ও দ্রুত আর্থিক লেনদেনের জন্য স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি অস্থায়ী শাখা ও বিকাশের বুথও স্থাপন করা হচ্ছে। পাশাপাশি একটি তথ্য কেন্দ্রও থাকবে।

মেলার নিরাপত্তার জন্য তিন শিফটে পুলিশ ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। পাশাপাশি সার্বক্ষণিক সিসি ক্যামেরা থাকবে।

চিটাগং চেম্বারের অফিসিয়াল ওয়েবসাইটে মেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্বলিত একটি লিঙ্কপেইজও করা হয়েছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংসদ আব্দুল লতিফ ও ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমদ।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এসময় চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন।