চট্টগ্রামে শিশু হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
শিশু নির্যাতন ও হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন চট্টগ্রামের শিশু সাহিত্যিক, সংগঠক ও সংস্কৃতিকর্মীরা।
বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘`চট্টগ্রামের সর্বস্তরের শিশু সাহিত্যিক, সংগঠক ও সংস্কৃতিকর্মী’র ব্যানারে এই মানববন্ধন ও সমাবেশ হয়।
সমাবেশে কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন, ব্যক্তিগত আক্রোশ মেটাতে গিয়ে অনেকেই শিশু নির্যাতন করছেন যা আমাদের সামাজিক অবক্ষয় আর আইন প্রয়োগের দুর্বলতাকেই ফুটিয়ে তুলছে।
“শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের সব স্তরের মানুষকে।”
শিশু নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তিনি।
বাংলাদেশে বিদেশি চ্যানেলের সিরিয়াল প্রচার বন্ধের আহ্বান জানিয়ে অধ্যাপক আনোয়ারা আলম বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় আর সাংস্কৃতিক আগ্রাসন শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যাকে প্রকট করছে।
“টিভিতে প্রচারিত ভারতীয় সিরিয়ালের চ্যানেলগুলি বন্ধের পাশাপাশি বাড়াতে হবে দেশীয় সংস্কৃতি চর্চা। সরকারি পদক্ষেপ আর সামাজিক সচেতনতা বৃদ্ধি ছাড়া এ সমস্যা মিটবে না।”
সাংবাদিক রাশেদ রউফ বলেন, শিশু হত্যা ও নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে।দ্রুত বিচার করতে হবে দোষীদের।
সাংবাদিক জুবায়ের জুয়েলের সঞ্চালনায় সমাবেশে উদীচী সংগঠক সুনীল ধর, কবি আশীষ সেন, রোজি সেন, আবুল কালাম বেলাল, এমরান চৌধুরী, জসিম মেহবুব, উৎপল কান্তি বড়ুয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।
