২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটো ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 03:08 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

এরা হলেন- রুবেল ওরফে ফরহান (২৬), কামরুল হাসান (২৫) ও ইকবাল আলম ওরফে মফু (২০)।

সোমবার গভীর রাতে নগরীর পূর্ব কুলগাঁও খন্দাকিয়া হাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ থানার ওসি মো. মহসিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে ওই এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য তারা জড়ো হয়েছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছুরি, রশি, চেতনানাশক ওষুধ ও স্কচটেপ উদ্ধার করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে অজ্ঞান করে রশি পেঁচিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে তারা পালিয়ে যায়।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলেও জানান তিনি।