২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য নারী সংঘের চট্টগ্রাম নগর শাখায় নতুন কমিটি

‘নারী নির্যাতন ও ভূমি বেদখলের বিরুদ্ধে সোচ্চার হোন’ এই শ্লোগানকে সামনে রেখে ইউপিডিএফ সমর্থিত পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের চট্টগ্রাম মহানগর শাখার প্রথম সম্মেলন হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 09:49 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

শুক্রবার নগরীর কদম মোবারক মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের মধ্যে নগর শাখার নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।

প্রতিনিধি ও পর্যবেক্ষকদের সম্মতিক্রমে রুপা চাকমাকে সভাপতি, সতি চাকমাকে সাধারণ সম্পাদক এবং রিতা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নগর শাখার নতুন কমিটি গঠন করা হয়।

সভা শুরুতে নিপীড়িত মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্যে সংগঠনের চট্টগ্রাম নগর কমিটির সদস্য সচিব মিতা চাকমা পাহাড়ে নারী নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, ২০১৫ সালে ১৪ জন নারী ‘সেটলারদের দারা ধর্ষণ ও ২১ জন নারী যৌন নির্যাতনের’ শিকার হয়েছেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানুচিং মার্মার সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় সদস্য মেরিনা চাকমার সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মন্টি চাকমা, পিসিপির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য থুইক্যচিং মারমা ও  পিসিপির কেন্দ্রীয় সভাপতি সিমন চাকমা।

সম্মেলন শেষে একটি শোভাযাত্রা প্রেসক্লাব প্রাঙ্গণ ঘুরে চেরাগী পাহাড় মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।