২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যপ্রাণী নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ চবি’র উৎসবে

শিক্ষার্থীদের মাঝে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা তৈরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মত পালন হল বণ্যপ্রাণী উৎসব’ ২০১৬।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 06:13 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বার্ড ক্লাব’ (সিইউবিসি) আয়োজিত এই দিনব্যাপী উৎসবে আলোচনা, প্রদর্শনী ও প্রতিযোগিতাসহ নানা আয়োজন ছিল।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, মানুষের সীমাহীন চাহিদা আর লোভের শিকার হয়ে বন্যপ্রাণীরা তাদের অস্তিত্ব হারাচ্ছে। শিক্ষার্থীদের বন্যপ্রাণী সংরক্ষণে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অ্যধাপক শফিক হায়দার চৌধুরী বলেন, উৎসবের নানা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রাণিবৈচিত্র্য কতটা গভীর তা জানতে পারবে।

“আজকের সচেতন তরুণরাই উদ্যোগী হবে ভবিষ্যৎ বাসযোগ্য পৃথিবী নির্মাণে।”

উৎসবের আহ্বায়ক ড. এম ফরিদ আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরায়ন প্রক্রিয়ার ফলে দিন দিন আমাদের দেশে বন ও বন্যপ্রাণী হুমকির মুখে।

“দেশের বনাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে গেছে। অনেকগুলো বন্যপ্রাণী বিলুপ্ত ও অন্যগুলো বিলুপ্তির হুমকির মুখে আছে। তাই বন সংরক্ষণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যকে সামনে রেখে এ উৎসব আয়োজন করেছি আমরা।”

‘আমাদের হাতেই বন্যপ্রাণীর ভবিষ্যৎ’ স্লোগান নিয়ে আয়োজিত উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় আলোচনা সভায় অংশ নেন বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা।

সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশ নেন ‘ওয়াইল্ড রেইস’ নামের বন্য প্রাণী পরিচিতি প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় চারটি দল বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন বন্য প্রাণী চিহ্নিত করতে এক ঘণ্টা সময় পায়।

প্রাণিবিদ্যা বিভাগের বিজয়ী চার সদস্যের দলটি এক ঘণ্টায় ৫২টি বন্যপ্রাণী চিহ্নিত করে পুরষ্কার জিতে নেয়।

উৎসব উপলক্ষ্য ক্যাম্পাসের জারুল তলায় বন্যপ্রাণী নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে সারা দেশ থেকে সংগৃহীত ৭০টি ছবি প্রদর্শিত হয়।

বন্যপ্রাণীর ছবি দেখতে আসা চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ইয়াসমিন তারিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা জীবন শহরেই বড় হয়েছি, তাই দেশের প্রাণীবৈচিত্র সম্পর্কে খুব কম জানি।

“আলোকচিত্র প্রদর্শনীতে এসে বিভিন্ন প্রাণী সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এছাড়া অসচেতনভাবে বন ধ্বংস করে আমরা বন্যপ্রাণীদের জীবনকে কীভাবে হুমকির মুখে ফেলছি- তাও জানলাম এখানে এসে।”

এছাড়া ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম শ্রেণিএবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির দুটি ক্যাটাগরিতে স্থানীয় স্কুল শিক্ষার্থীরা অংশ নেয়।

বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হকের তত্বাবধানে ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা।

এছাড়া আরও ছিল র‌্যালি ও বন্যপ্রাণী বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

উৎসবে মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, সমকাল ও চ্যানেল আই।