২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে পাহাড়ি ছাত্রদের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘পূর্ব শত্রুতার’ জেরে ইউপিডিএফ ও জেএসএস সমর্থক দুইদল ছাত্রের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 01:13 AM

Updated : 20 Aug 2022, 12:02 PM

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় সংঘর্ষে জড়ায় পাহাড়ি সংগঠন দুটির কর্মীরা।

সংঘর্ষে আহতরা হলেন-আধুনিক ভাষা ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র রিংকু চাকমা, পালি বিভাগের দ্বিতীয় বর্ষের ভুবন চাকমা ও বাপ্পি চাকমা, নৃবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ক্ষিতীষ চাকমা, লোক প্রশাসন বিভাগের হিমেল চাকমা ও স্থানীয় ব্যবসায়ী শওকত আলী।

আহতদের মধ্যে রিংকু চাকমার অবস্থা কিছুটা গুরুতর জানিয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের মেডিকেল অফিসার টিপু সুলতান বলেন, “তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি।”

হাটহাজারী থানার এসআই খায়রুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্রুতার জেরে ইউপিডিএফ ও জেএসএসের কর্মীরা দুই নম্বর গেট এলাকায় সংঘর্ষে জড়ায়।

“সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আমরা পরিস্থিতি সামাল দিতে ইউপিডিএফের কর্মী ও চবি নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জ্যাতিষ্ক চাকমাকে আটক করি।”

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী একজন পাহাড়ি ছাত্র জানান, ১০ মার্চ পাহাড়ি ছাত্রদের একটি পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে সংগঠন দুটির কর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

“বুধবার সন্ধায় কয়েকজন বন্ধুসহ দুই নম্বর গেট এলাকায় খাবার খেতে গেলে দুই পক্ষের কর্মীদের রাম দা, ছুরি, রড, ক্রিকেট খেলার স্ট্যাম্পসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়াতে দেখি। এসময় স্থানীয় এক দোকানি শওকতকেও মারধর করা হয়।”

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে আহত পাঁচজনকে রাতে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে।