২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশে অর্ধেকের বেশি সন্তান জন্ম নেয় অপ্রশিক্ষিত ধাত্রীদের হাতে’

বাংলাদেশে এখনও ৫৬ দশমিক ৫ শতাংশ নারী অপ্রশিক্ষিত ধাত্রী বা স্বজনদের তত্ত্বাবধানে সন্তান জন্ম দেয় বলে চট্টগ্রামে এক কর্মশালায় জানানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 09:50 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

মঙ্গলবার চট্টগ্রাম ক্লাবে ভয়েস অব আমেরিকা (ভোয়া) ও ইউএসএআইডি আয়োজিত ‘মাতৃ ও শিশুমৃত্যু প্রতিরোধ: আমাদের অঙ্গীকার’ শীর্ষক কর্মশালায় মা ও শিশু মৃত্যুর হার কমাতে একে অন্যতম বাধা বলেও মত প্রকাশ করেন আলোচকরা।

কর্মশালায় হয়, বর্তমানে দেশে সন্তান জন্মদানের সময় প্রতি লাখে ১৯৩ জন মা মারা যাচ্ছেন। অথচ জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী এ সংখ্যা হওয়ার কথা ১৪৩ জন।

ভোয়া’ র বাংলা সার্ভিসের প্রধান রোকেয়া হায়দারের সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন পর্বে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন ইউএসএআইডি’র টিম লিডার ডা. উম্মে মিনা, প্রকল্প প্রধান ডা. হালিদা এইচ আখতার, শিক্ষা বিষয়ক টিম লিডার শহিদুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের অধ্যাপক রওশন মোরশেদ সন্তান জন্মদানের সময় মায়েদের মৃত্যুর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

তিনি বলেন, “দেশে এখনও ৫৬ দশমিক ৫ শতাংশ নবজাতকের জন্ম হয় অপ্রশিক্ষিত ধাত্রী বা স্বজনদের হাতে। এতে নবজাতক এবং মায়ের মৃত্যুঝুঁকি বাড়ে। প্রতি লাখে প্রসূতির মধ্যে সন্তান দিতে গিয়ে মারা যায় ১৯৩জন। এ বছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী এটি ১৪৩ এ নামিয়ে আনতে কাজ চলছে।”

চিকিৎসক বা প্রশিক্ষিত হাতে সন্তান জন্মদান নিশ্চিত করা গেলে অনেক মৃত্যু কমে আসবে বলেও মত দেন তিনি।

চট্টগ্রাম মেডিকেলের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক জগদীস চন্দ্র দাশ শিশুমৃত্যুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় অন্যান্য বক্তারা সচেতনতা বৃদ্ধি, অজ্ঞতা হ্রাস, নারীর ক্ষমতায়ন, স্বনির্ভরতা অর্জন এবং পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এসব সমস্যা সমাধান করে মাতৃ ও শিশু মৃত্যু হার কমিয়ে আনা সম্ভব বলে মত প্রকাশ করেন।

রেডিও টুডে’র সহায়তায় আয়োজিত এ কর্মশালায় চট্টগ্রামের ২৫ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।