২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৃজনশীলে সাত প্রশ্ন বাতিল দাবিতে অবস্থান

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সাত বিষয়ে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নতুন নিয়ম বাতিল দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে নগরীর অন্তত ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 07:29 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

সোমবার নগরীর কলেজিয়েট স্কুল, নাসিরাবাদ স্কুল, ডা. খাস্তগীর স্কুল, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়সহ ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের এ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরাও।

একই দাবিতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় প্রতিদিন চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় মানববন্ধন ও মিছিল করেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, এসএসসি পরীক্ষায় এখন পর্যন্ত সাত বিষয়ে ছয়টি করে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। নতুন সিদ্ধান্ত অনুসারে, ২০১৭ সালের পরীক্ষায় সাত বিষয়ের প্রতিটিতে সাতটি করে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থী হামেদ হোসেন ইমাদ বলেন, “যে সৃজনশীল প্রশ্ন নিয়ে আমাদের শিক্ষকদের বিব্রত হতে দেখা যায়, সেখানে আমাদের আজ ছয়টির পরিবর্তে সাতটি সৃজনশীল চাপিয়ে দেওয়া হলো।

“মেধা বিকাশের নামে সৃজনশীল পদ্ধতিকে আজ আমাদের কাছে আতঙ্কিত করে তুলেছেন। আমরা আগের নিয়ম অনুসারে পরীক্ষায় ছয়টি প্রশ্নেরই উত্তর দিতে চাই।” 

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, সৃজনশীল নিয়মে পরিবর্তন আসলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। নতুন নিয়ম বাতিল করে আগের মতো শিক্ষার্থীদের কাছ থেকে ছয়টি সৃজনশীল প্রশ্নেই পরীক্ষা নেওয়া হোক।

নগরীর বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজের (বাওয়া) শিক্ষার্থী সাদিয়া নূর স্বর্ণার সভাপতিত্বে এবং সরকারি মুসলিম হাই স্কুলের শিক্ষার্থী আরেফিন নাসির ও নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হামেদ হোসেন ইমাদের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মণ, সহ-সম্পাদক নাদিম উদ্দিন ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল জামিল চৌধুরী সাকি উপস্থিত ছিলেন।

আন্দোলনে ইতোমধ্যে সংহতি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

পুরনো খবর:

সৃজনশীলে সাত প্রশ্ন: শিক্ষার্থীদের আন্দোলনে মহিউদ্দিনের একাত্মতা