২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৃজনশীলে সাত প্রশ্ন: শিক্ষার্থীদের আন্দোলনে মহিউদ্দিনের একাত্মতা

২০১৭ সাল থেকে এসএসসি পরীক্ষার সৃজনশীল সাতটি প্রশ্নের উত্তর লেখার নতুন নিয়ম পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 09:33 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

সাতটি সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নগরীর ২০টি স্কুলের শিক্ষার্থীদের সমাবেশ ও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে রাখা বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এখন পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সাত বিষয়ে ছয়টি করে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হয়।

নতুন সিদ্ধান্ত অনুসারে, ২০১৭ সালের পরীক্ষায় সাত বিষয়ের প্রতিটিতে সাতটি করে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে।

এই সিদ্ধান্তের বিরোধিতায় সকাল থেকে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এক পর্যায়ে প্রেস ক্লাবের সামনের অংশে যান চলাচল বন্ধ হয়ে। তবে বিপরীত পাশের সড়কে উভয়মুখী যান চলাচল অব্যাহত ছিল।

বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানাতে আসেন মহিউদ্দিন চৌধুরী।

সমাবেশে মহিউদ্দিন বলেন, “আমাদের নামকরা স্কুলের শিক্ষার্থীরা যেখানে এটা নিয়ে আন্দোলন করছে সেখানে মফস্বলের স্কুলের শিক্ষার্থীদের কী অবস্থা হবে সেটা সহজেই অনুমেয়। আমরা সৃজনশীল চাই, তবে সেটা যেন আমাদের কোমলমতি শিক্ষার্থীদের উপর বোঝা না হয়ে যায়।”

শিক্ষার্থীরা বিষয়টিকে যেভাবে চাপ মনে করছে- সেটা ফলে বিপর্যয় ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই সাবেক মেয়র।

তিনি বলেন, “সবদিক থেকে বিবেচনা করে সাতটি সৃজনশীল লেখার যে নতুন নিয়ম করা হয়েছে- সেটা পুনর্বিবেচনার জন্য আমি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট আহ্বান জানাচ্ছি”।

মানববন্ধন আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। নগরীর ২০টি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

নগরীর সেন্ট প্লাসিডস স্কুলের শিক্ষার্থী হাবিবুর রহমান ও সরকারি মুসলিম হাই স্কুলের শিক্ষার্থী মো. ইমাম হোসেন মানববন্ধন পরিচালনা করেন।

এর আগে গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় প্রতিদিন চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় একই দাবিতে মানববন্ধন ও মিছিল করছে।