২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পের ২য় পর্যায়ের কাজ শুরু মার্চে

চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নে ‘কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পের’ দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে চুক্তি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 06:27 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

সোমবার নগরীর হোটেল রেডিসন ব্লু’তে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার কোলন গ্লোবাল করপোরেশন ও জাপানের কোবোটা কনস্ট্রাকশন কোম্পানির এ চুক্তি হয়।

চুক্তিতে চট্টগ্রাম ওয়াসার পক্ষে সই করেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ এবং কোলন ও কোবোটা করপোরেশনের পক্ষে হাং ইন হো।

অনুষ্ঠানে জানানো হয়, জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা- জাইকার অর্থায়নে ‘কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পের’ এ কাজ চলছে। প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ পর্যায়ে। মার্চ মাসে দ্বিতীয় পর্যায়ের প্রথম দফার কাজ শুরু হবে।

প্রথম পর্যায়ের কাজ শেষ হলে প্রতিদিন ১৪ কোটি লিটার অতিরিক্ত পানি সরবরাহ করবে ওয়াসা। দ্বিতীয় পর্যায় শেষে পাওয়া যাবে আরও ১৪ কোটি ৩০ লাখ লিটার পানি।

চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী ফজলুল্লাহ জানান, প্রকল্পের অধীনে চট্টগ্রাম নগরীর ৫০০ কিলোমিটার পাইপলাইন প্রতিস্থাপন ও ১০০ কিলোমিটার নতুন পাইপলাইন স্থাপন করা হবে।

চট্টগ্রামের ভূগর্ভস্থ পানির স্তরের বিষয়টি বিবেচনা করে ধীরে ধীরে গভীর নলকূপ বন্ধ করা হবে জানিয়ে তিনি বলেন, “চট্টগ্রামের প্রতিটি ঘরে ওয়াসার পানি যাবে এ পাইপলাইনের মাধ্যমে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোবোটা কনস্ট্রাকশন কোম্পানির মহাপরিচালক সুকিরো সাসাকি, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী জহুরুল হক ও কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পের ফেইজ টু’র প্রকল্প পরিচালক কাজী ইয়াকুব সিরাজদৌল্লাহ উপস্থিত ছিলেন।