চবি ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক মারধরের অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিকসহ দুই শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।
রোববার বিশ্ববিদ্যালয়ে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো নিয়ে এই ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মারধরের শিকার মো. মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র ও চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং মো. সাদ্দাম হোসেন মার্কেটিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।
চবির স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা তাদের ওপর হামলা চালিয়েছে বলে দুজনের অভিযোগ।
সাদ্দাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে অগ্রণী ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য দাঁড়ালে পেছন থেকে এক ছাত্র সামনে এসে দাঁড়ায়।
“এসময় তাকে লাইনে দাঁড়ানোর জন্য বললে সে আমাকে ব্যাংক থেকে বের করার জন্য টানা-হেঁচড়া করে। টাকা জমা দিয়ে ব্যাংক থেকে বের হওয়ার পর ওই ছেলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন মারধর করে।
“হামলাকারীরা সবাই ছাত্রলীগকর্মী ও স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপুর অনুসারী। তাদের মধ্যে রবিন ও সুরুজ নামে দুজন ছিল।”
এই দুই ছাত্রলীগকর্মী মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইনের সদস্য।
পূর্বদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিজানুর বলেন, ব্যাংকের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী সাদ্দামকে মারধর করছে দেখে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে তারা।
ঘটনার সঙ্গে জড়িতদের ‘নিজের কর্মী’ হিসেবে স্বীকার করলেও মারধরের কোনো ঘটনা ঘটেনি বলে আলমগীর টিপুর দাবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার কয়েকজন কর্মীর সঙ্গে ওদের ‘হাতাহাতি’ হয়েছে। তাদের মারধর করা হয়নি।
“আমি ব্যাপারটি সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু মিজান ও সাদ্দাম এতে রাজি হয়নি।”
এই ঘটনায় নিজ দলের কর্মীদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন আলমগীর।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, “মারধরের বিষয়টি জানতে পেরেছি। তাদের এ ব্যাপারে লিখিত অভিযোগ দিতে বলেছি।”
