২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেয়ালচাপায় ৫ শিশু আহত

চট্টগ্রামের নন্দনকানন এলাকায় পুরনো দেয়াল ধসে নিচে চাপা পড়ে পাঁচ শিশু আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 02:17 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

রোববার বেলা পৌনে ১টার দিকে গোলাপ সিংহ লেইনে এ দুর্ঘটনা ঘটে বলে নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর জানিয়েছেন।

আহতদের মধ্যে মেহেদী (৯), রিয়াদ (৭), সজীব (৬) ও আরিফকে (৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইয়াসিন (১৫) নামের আহত আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আলী আকবর জানান, দেয়ালটির এক পাশে খালি জায়গায় একটি নতুন ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ হচ্ছে।

“দেয়ালটির অন্যপাশে খেলছিল শিশুরা। এক পর্যায়ে দেয়ালটির কিছু অংশ ধসে পড়লে তার নিচে চাপা পড়ে শিশুরা।”

পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে বলে জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, আনুমানিক ১০ ফুট উচ্চতার দেয়ালটির দৈর্ঘ্য ৩০ ফুট। এর প্রায় ১০ ফুট অংশ ধসে পড়েছে।

দেয়ালটি ঘেঁষেই নির্মাণ সামগ্রী রাখা হয়েছিল বলে জানিয়েছেন তারা।