স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি: কামাল
বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধে, তা পূরণের জন্য আগামী প্রজন্মের উপর ভরসা করছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা কামাল হোসেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এক অনুষ্ঠানে বক্তব্যে এই আশার কথা জানান।
আইন অনুষদ ও এ কে খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নবনির্মিত আইন অনুষদ ভবন মিলনায়তনে ‘প্রথম এ কে খান ল’ লেকচার’ এর আয়োজন করা হয়।
‘ইকনোমিক অ্যান্ড সোশাল জাস্টিস আন্ডার দ্য কনস্টিটিউশন অব বাংলাদেশ’ শীর্ষক বক্তৃতায় কামাল হোসেন বলেন, “পাকিস্তান আমলে হওয়া অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পেতে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল।
“মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে তার অন্যতম লক্ষ্যছিল বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। লক্ষ্য ছিল- অর্থনৈতিক, নারী-পুরুষ ও শ্রেণিগত বৈষম্য থাকবে না। কিন্তু সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি।”
“আজ এসে আমাদের ভাবতে হচ্ছে সেটা কীভাবে পূরণ হবে? তবে আমি আশাবাদী তরুণ প্রজন্মের হাতে সেই স্বপ্ন একদিন পূরণ হবে,” বলেন গণফোরাম সভাপতি কামাল।
বস্তিবাসীদের আবাসনের অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, “বস্তিতে হাজার হাজার লোক ছোট জায়গায় থাকে। বুলডোজার দিয়ে তাদের উৎখাত করা সাময়িক সমাধান।
“এটা কোনো কার্যকর সমাধান নয়। প্রতিটি নাগরিকের বাসস্থানের অধিকার পূরণ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ আইন কমিশনের সদস্য এম শাহ আলম বলেন, “আমরা রাইট টু ফুড (খাদ্য অধিকার) নিয়ে কাজ করছি। বস্তিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টিমান যাতে নিশ্চিত হয় সেটাই লক্ষ্য।”
অনুষদের সহকারী অধ্যাপক জসিম আলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।
অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান।
