২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৈচিত্র্যময় উদ্ভাবন’ নিয়ে শুরু চট্টগ্রামের ডিজিটাল উদ্ভাবনী মেলা

কারো উদ্ভাবন রক্ষা করবে ব্যাংকের ভল্ট, কারোটা হ্রাস করবে দুর্ঘটনার ঝুঁকি; রয়েছে কৃষি জমির চাহিদা অনুযায়ী সেচ দেয়ার যন্ত্র- বৈচিত্র্যময় এসব উদ্ভাবনী যন্ত্র নিয়ে তরুণরা হাজির হয়েছে চট্টগ্রামের উদ্ভাবনী মেলায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 07:05 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

অভিনব এসব উদ্ভাবন দেখতে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে ভিড় করছে আগ্রহী কিশোর-কিশোরীরা। অগ্রজদের সৃষ্টিসুখের উল্লাসের ঢেউ যেন আছড়ে পড়ছে কিশোর-কিশোরীরের মনে।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের ভারপ্রাস্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এম এন জিয়াউল আলম।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে নিজস্ব উদ্ভাবন নিয়ে মেলায় এসেছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের তিনটি দল।

চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র প্রিয়ম চৌধুরী নিয়ে এসেছেন দুর্ঘটনা হ্রাসে চালককে সতর্ক করার যন্ত্র- যার প্রজেক্ট টাইটেল হচ্ছে “ডিজাইনিং অ্যান এমপিরিক্যাল ফ্রেমওয়ার্ক টু এসটিমেট দ্যা ড্রাইভারস অ্যাটেনশন ইন রিয়েল টাইম।”

গাড়ি চালনায় চালকের মনোযোগ পরিমাপ করে চালককে সতর্ক করার করবে এই যন্ত্র।

প্রিয়ম জানান, এই যন্ত্রে তিনটি ক্যামেরা ও ইনফ্রারেড অ্যামিটার যুক্ত ‘কানেক্ট ডিভাইস’ দিয়ে চালকের মুখায়বের ও ঠোঁটের নড়াচড়া পর্যবেক্ষণ করে গাড়ি চালানোর সময় চালকের মনোযোগ কতটা সেটা একটা গ্রাফিক্স চিত্রে পরিমাপ করা হয়।

ডিভাইসটি গাড়ির স্টিয়ারিংয়ের উপরে ড্যাশবোর্ডে রাখা হবে জানিয়ে তিনি বলেন, শতাংশ হিসেবে বিশের নিচে গ্রাফ নেমে আসলে চালককে এলার্ম দিয়ে সতর্ক করবে এ ডিভাইস।

এছাড়াও চুয়েটের আরেকটি দল ইয়াসিন আর রহমান ও খালিদ ইবনে জিন্নাহ নিয়ে এসেছেন ‘সহায়ক হাত’। এটি পক্ষাঘাতে আক্রান্ত শিশুদের ভিডিও গেমিংয়ের সাহায্যে ব্যায়াম করানোর একটি যন্ত্র।

অন্যদিকে ড্রেনেজ ব্যবস্থা সহজীকরণ করার লক্ষ্যে চুয়েটের যান্ত্রিক বিভাগের মারুফুর রহমান ও মাইনুল হাসান নিয়ে এসেছেন “অটোমেটিক ড্রেনেজ সিস্টেম”।

এছাড়াও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা উদ্ভাবন করেছেন ব্যাংক ভল্ট রক্ষার যন্ত্র।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. ইকবাল জানান, ‘ব্যাংক ভল্ট সিকিউরিটি সিস্টেম’ নামের এ যন্ত্রটি ভল্টের দরজা খুললেই একটি অটোমেটিক কল চলে যাবে ব্যাংক ম্যানেজারের কাছে।

ব্যাংক ম্যানেজার কল রিসিভ করে দুই চাপলেই ভল্টের মধ্যেই ২২০ ভোল্টের ইলেক্ট্রিক শক তৈরি হয়ে যাবে। একই সঙ্গে দুস্কৃতিকারীদের অজ্ঞান করার জন্য ক্লোরোফরম গ্যাস বের হবে।

সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিয়ে এসেছেন নৌ বাহিনীর যুদ্ধ জাহাজের ‌‘সেল্ফ ব্যালেন্স প্ল্যাটফরম’ যেটি দিয়ে জাহাজ কোনো দিকে হেলে পড়লেও কামানের গোলা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।

৬০টি প্রতিষ্ঠানের ৭৬টি স্টল নানা উদ্ভাবন নিয়ে এ মেলায় অংশ নিচ্ছে।

প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ড যা মানুষের জীবনকে সহজ করে তুলছে সেগুলোতে প্রধানমন্ত্রীর নির্দেশে বরাদ্দ বাড়ানো হয়েছে বলে উদ্বোধনীতে জানিয়েছেন ভারপ্রাপ্ত সচিব এম এন জিয়াউল আলম।