২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই বছরের শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় আড়াই বছর বয়সী একশিশুকে ধর্ষণ করায় প্রতিবেশী যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 07:01 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সেলিম মিয়া এ মামলার রায় দেন।

দণ্ডিত খুরশিদ আলম (২৫) বায়েজিদ থানার শেরশাহ আমানত কলোনির বাসিন্দা। তার বাড়ি নোয়াখালী জেলার চর জব্বার এলাকায়।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামির ডিএনএ পরীক্ষা করে অপরাধে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।”

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি খুরশিদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২০১১ সালের ৬ মে প্রতিবেশীর আড়াই বছরের মেয়েটিকে আদরের ছলে ঘরে নিয়ে ধর্ষণ করেন খুরশিদ।

শিশুটির বাবা মামলা করলে সেদিনই তাকে গ্রেপ্তার করে পুলিশ। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়।

এ মামলায় পুলিশ ২০১১ সালের ৩১ জুলাই অভিযোগপত্র দেয়। অভিযোগ গঠন করা হয় ২০১২ সালের ১৮ জানুয়ারি।

মামলায় ১৫ জনের মধ্যে সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত রায় দেন।