চট্টগ্রাম বন্দরে ‘মিথ্যা তথ্যে’ আনা ৪৭০ কার্টন সিগারেট জব্দ
চট্টগ্রাম বন্দর থেকে ‘মিথ্যা তথ্য দিয়ে’ আনা ৪৭০ কার্টন বেনসন সিগারেট জব্দ করেছে র্যাব।
বৃহস্পতিবার বন্দরের ইয়ার্ডে রাখা একটি কন্টেইনার থেকে কাস্টমস কর্তৃপক্ষের সহায়তায় ‘কায়িক পরীক্ষা’ শেষে এসব সিগারেট জব্দ করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুরের একটি প্রতিষ্ঠান গার্মেন্টস পণ্য ঘোষণা দিয়ে বিদেশ থেকে এসব সিগারেট নিয়ে আসে। র্যাব সদস্যরা আগে থেকে বিষয়টি জানতে পেরে বন্দরের ইয়ার্ডের ওই কন্টেইনার থেকে এসব সিগারেট জব্দ করে।
গাজীপুরের ‘এফআরসি নিটওয়্যার’ গার্মেন্টস পণ্যের নামে আরব আমিরাতের দুবাই থেকে এই কন্টেইনারটি নিয়ে আসে বলে জানান চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মুকিতুল হাসান।
এ ঘটনায় ‘এফআরসি নিটওয়্যার’ এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।
